হলুদ নয়, সবুজ রঙের কুসুম! অদ্ভুত মুরগি দিচ্ছে বিশেষ ধরনের ডিম
Odd বাংলা ডেস্ক: সবাই তো ডিমের কুসুমের রঙ হলুদ বর্ণের হয় বলেই জানি, কিন্তু এই বিরল ধরণের ডিম একেবারে সাড়া ফেলে দিয়েছে। হলদে নয়, ডিমের কুসুমের রং সবুজ৷ তাও আবার একটি নয়, একসঙ্গে সাত সাতটি মুরগি এমন বিরল ডিম পাড়ছে কেরলের মালাপ্পুরামের একটি খামারে৷
এমন কী, ডিম রান্না করার পরেও কুসুমের রং অপরিবর্তিতই থাকছে! মালাপ্পুরামে শিয়াবুদ্দিন নামে একব্যক্তির খামারে এই কাণ্ড ঘটেছে৷
ঘটনার সূত্রপাত ৯ মাস আগে৷ একটি মুরগির ডিমের কুসুমের রং সবুজ দেখে বাকি ডিমগুলো ফুটতে দেন খামার মালিক শিয়াবুদ্দিন৷ সেই ডিম ফুটে স্বাভাবিক নিয়মে বাচ্চাও বেরিয়েছিল৷
সেই শুরু, আপাতত খামারে এমন সাতটি মুরগি রয়েছে যেগুলি এমন সবুজ কুসুমের ডিম পাড়ছে৷ তবে এই মুরগিগুলির আকার কিছুটা ছোট৷
খামার মালিক প্রথমে ভেবেছিলেন, হয়তো মুরগিদের দেওয়া খাবারে কোনও সমস্যা রয়েছে৷
ওই খামারে বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে৷ মনে করা হচ্ছে, ক্রস ব্রিডিং-এর ফলে জিনগত পরিবর্তনের কারণেই এমন সবুজ ডিম পাড়ছে কয়েকটি মুরগি৷
পশুচিকিৎসকরা অবশ্য মনে করছেন, এই সবুজ ডিম নিয়ে বৈজ্ঞানিক পর্যালোচনা হওয়া উচিত৷
এমন বিরল ডিমের খবর ছড়িয়ে পড়তেই শিয়াবুদ্দিনের খামারে প্রচুর মানুষ ভিড় করছেন৷ অনেকেই এই ডিম চেখে দেখতে চাইছেন৷
বাইরে থেকে অবশ্য ডিমগুলিকে দেখলে সাধারণ ডিমের সঙ্গে ফারাক করা যাবে না৷
খামারের কুড়িটির মধ্যে সাতটি মুরগি এই সবুজ ডিম পাড়ছে৷
কীভাবে এই ডিমের উৎপাদন বাড়িয়ে চাহিদা সামাল দেওয়া যায়, ওই খামার মালিক এখন সেই পরিকল্পনাই করছেন৷





Post a Comment