বাড়ি থেকে সম্পর্ক না-মানায় আত্মঘাতী কিশোরী, মৃত প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরাল প্রেমিক!
Odd বাংলা ডেস্ক: স্কুলজীবনের প্রেম মেনে নিতে পারেনি পরিবার, তার জেরে রাগে দুঃখে আত্মঘাতী কিশোরী। মৃত্যুর পরে ভালবাসাকে অমর করে রাখতে কিশোরীর বাড়ি গিয়েই সিঁদুর দান করল যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটে।
আত্মঘাতী কিশোরীর নাম তনিমা মণ্ডল। একাদশ শ্রেণীর ছাত্রী তনিমা স্কুলে যাতায়াতের পথে এলাকারই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটির পরিবারের লোকরা এবিষয়ে আপত্তি করেন এবং এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য নাবালিকাকে বিভিন্নভাবে চাপ দিতে শুরু করেন। বকাবকির পাশাপাশি চলতে থাকে মারধরও। কিন্তু পরিবারকে বিভিন্নরকমভাবে বোঝানোর চেষ্টা করেছিল কিশোরী, কিন্তু তাতেও কিছু লাভ হয়নি।
এরপরই তার ঘর থেকে উদ্ধার করা হয় নাবালিকার ঝুলন্ত দেহ। আর এই খবর পেয়েই আর চুপ করে বসে থাকেননি যুবক, সঙ্গে সঙ্গে ছুটে যায় মেয়েটির বাড়ি। আর এরপরই মৃত তনিমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় সে। আর এরপরই ক্ষোভে ফেটে পড়ে তনিমার পরিবারের সকলে। এরপর যুবককে বেধড়ক মারধরও করে স্থানীয়রা।
অন্যদিকে পরিবারের লোকের অভিযোগ ওই যুবক দিনের পর দিন উত্যক্ত করত তনিমাকে, তার সঙ্গে তনিমার কোনও সম্পর্কই ছিল না। বরং যুবকের কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে সে। তবে এর নেপথ্যে আসল সত্যি কী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।





Post a Comment