করোনাকালে দুর্গাপুজোয় আনন্দে আপস করার ফল মিলল, রাজ্যে করোনা সংক্রমণ সামান্য হলেও কমল
Odd বাংলা ডেস্ক: মঙ্গলবার ২৭ অক্টোবর প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৫৭ জন। যা আগের দিনের চেয়ে কিছুটা হলেও কম। সেইসঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ১ দিনে নতুন করে বাংলায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৫৮ জনের। তবে আশার কথা হল এই যে, রাজ্যে এখনও সুস্থতার হার ৮৭.৭৬ শতাংশ।
তবে এ সত্ত্বেও বাংলায় সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান নিয়ে বিশেষজ্ঞদের দুশ্চিন্তা রয়েছে। প্রসঙ্গত, অনেকেই মনে করেছিলেন যে, রাজ্যে দুর্গাপুজোর পরেই করোনার সংক্রমণ বাড়বে। এমনকি কেরলের পরিস্থিতির কথা মনে করে দিয়েছিলেন অনেকে, কারণ সেখানে ওনম উৎসবের পর মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছিল করোনায় সংক্রমণ। আর সেই কারণেই রাজ্যে দুর্গাপুজো নিয়ে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে।
আর সেই মতোই হাইকোর্টের নির্দেশ মেনে পুজো প্যান্ডেলগুলি করে দেওয়া হয়েছিল নো এন্ট্রি কন্টেনমেন্ট জোন। যার ফলে মণ্ডপে সাধারণ দর্শকদের প্রবেশ ছিল নিষিদ্ধ। মানুষের ত্যাগ তাহলে কি সফল হল? তবে কি এবার বাংলায় দেখা যাবে আশার আলো?





Post a Comment