ফুল-বেলপাতা নয়, ১ কোটি টাকার নোটে সাজানো হয় দেবীমূর্তি, জানেন কোথায়?


Odd বাংলা ডেস্ক:
আজ বিজয়া দশমীর দিনে দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা উৎসব। আর এই উপলক্ষ্যে হায়দরাবাদের দক্ষিণে ১৮০ কিলোমিটার দূরত্বে অবস্থিত তেলঙ্গানার গাদওয়ালে বাসবী কন্যাকা পরমেশ্বরী মন্দিরটি সাজানো হয়েছে নোট দিয়ে, যার মিলিত মূল্য ১ কোটি টাকারও বেশি। 

নোটগুলিকে ফুলের মতো করে মুড়িয়ে সাজিয়ে একটি সুবিশাল বুকে তৈরি করা হয়েছে, যার সবমিলিত মূল্য ১ কোটি ১১ লক্ষ ১১ হাজার ১১১ টাকা। করোনা পরিস্থিতিতে যেখানে অর্থনীতির হাল বেহাল, সেখানে এই বিপুল পরিমাণ টাকা অর্পণ করা হয়েছে ঠাকুরকে।  করোনা আবহে এই টাকার অঙ্কটা বেশি বলে মনে হলেও, এই মন্দিরের কাছে এটি কিন্তু নতুন কোনও বিষয় নয়। 

মন্দিরের কোষাধক্ষ্য পি রামু জানিয়েছেন, গত বছর দেবীকে ৩ কোটি ৩৩ লক্ষ ৩৩ হাজার ৩৩৩টাকা মূল্যের নোট দিয়ে সাজানো হয়েছিল। করোনা মহামারির জন্য এই বছরের টাকার অঙ্কে ঘাটতি রয়েছে বলে জানান তিনি। এই বিপুল পরিমাণ অর্থ এলাকারই ধর্মপ্রাণ মানুষ দেবীকে উৎসর্গ করে থাকেন, আবার পুজো হয় গেলে সেই অর্থ তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। চলতি বছর ৪০ থেকে ৫০ জন মানুষ এই অভিনব সাজসজ্জার জন্য অর্থ দান করেছিলেন। 

বিশ্বাস করা হয় যে, দশেরার দিন দেবী তাঁর বাপের বাড়িতে আসেন। আর সেই কারণেই তাঁকে বিভিন্ন রূপে আরাধনা করা হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.