মন্ত্রীকে খুন করার জন্য কালা জাদু! পুলিশের জালে ২ তান্ত্রিক
Odd বাংলা ডেস্ক: রাজনীতির ময়দানে কত কিছুই না ঘটে। আর এবার মন্ত্রীকে খুন করতে কালা জাদু করা হয়েছিল। আর এই অভিযোগে গ্রেপ্তার করা হল দুই তান্ত্রিককে। ঙটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে, সেখান থেকে অভিযুক্ত দু’জনকে নাকি হাতেনাতে ধরা হয়েছে।
শোনা গিয়েছে, মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভার নগরোন্নয়ন ও পূর্ত দপ্তরের মন্ত্রী একনাথ শিণ্ডেকে খুন করার ষড়যন্ত্র করেছিল দুই তান্ত্রিক। সপ্তাহখানেক আগেই এই খবর পৌঁছেছিল মহারাষ্ট্র পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতেই পালঘরে তল্লাশি অভিযান চালানো হয়। সূত্রের খবর, ধৃতদের নাম কৃষ্ণ বালু কুরকুটে এবং সন্তোষ মাগরি বারদি। দুজনকেই বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। টানা জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনাস্থলে যখন পুলিশ গিয়ে পৌঁছায়, সেই সময়ও নাকি একনাথ শিণ্ডের ছবি সামনে রেখে কালোজাদু করছিল ওই দুই তান্ত্রিক। সামনে রাখা ছিল লেবু ও লঙ্কাও, করা হচ্ছিল মন্ত্রোচারণ। ঘর থেকে একটি মোরগও উদ্ধার হয়েছে। মনে কর হচ্ছে, সেটি বলি দেওয়ার জন্য রাখা হয়েছিল। এছাড়াও গুপ্তবিদ্যার অনেক সামগ্রী ঘরে মজুত ছিল।
কার নির্দেশে এই কাজ করছিল তারা? এই প্রশ্নের উত্তরে এখনও পর্যন্ত তারা কিছু জানায়নি বলেই খবর। পূর্বপুরুষের হাত ধরেই মহারাষ্ট্রের রাজনীতির সঙ্গে একনাথ শিণ্ডের পরিচয়। লোকসভার সাংসদ ছিলেন তাঁর বাবা ডা. শ্রীকান্ত শিণ্ডে। কলেজে থাকাকালীনই শিব সেনার কর্মী হিসেবে কাজ শুরু করে দিয়েছিলেন। ২০১৪ সালে বিজেপি-শিব সেনা সরকার ক্ষমতায় আসার পর ডিসট্যান্স কোর্সের মাধ্যমে স্নাতক হন। কাজ শুরুর সময় থেকেই শিব সেনা সুপ্রিমো বালাসাহেব ঠাকরের নেকনজরে ছিলেন একনাথ। ২০১৯ সালে তাঁকে মহারাষ্ট্রের নগরোন্নয়ন ও পূর্ত দপ্তরের দায়িত্ব দেওয়া হয়।





Post a Comment