৫৫ লাখ বর্গ কিলোমিটার এলাকার আবহাওয়া বদলে দেবে চীন
Odd বাংলা ডেস্ক: কৃত্রিমভাবে আবহাওয়া বদলে ফেলার কর্মকাণ্ড বহু আগেই শুরু করেছে চীন। এবার সেই কাজের আরো প্রসার ঘটাতে যাচ্ছে এশিয়ার প্রভাবশালী এই দেশটি। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে বড় একটি পরিকল্পনা হাতে নিয়েছে চীন।
সিএনএন’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৫ সালের মধ্যে ওয়েদার মডিফিকেশন সিস্টেম নামে চীনের গৃহীত একটি প্রকল্প ভারতের দেড়গুণ বড় এলাকার আবহাওয়া কৃত্রিমভাবে বদলে দিতে সক্ষম। ৫৫ লাখ বর্গ কিলোমিটার বা ২১ লাখ বর্গমাইল এলাকা জুড়ে এই পরীক্ষা চলবে। এই এলাকা ভারতের দেড় গুণ আর বাংলাদেশের প্রায় ৩৮ গুণ বড়।
দেশটির স্টেট কাউন্সিল বলছে, তাদের হাতে এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি প্রস্তুত আছে। এই প্রকল্পের ফলে ওই এলাকায় ইচ্ছেমতো বৃষ্টি ও তুষারপাত ঘটাতে পারবে চীন। ফলে কমে আসবে প্রাকৃতিক দূর্যোগ, বাড়বে কৃষি উৎপাদন, সহজেই কমানো যাবে দাবানল, নিয়ন্ত্রণে আনা যাবে উচ্চ তাপমাত্রা ও খরা।
এর আাগেও এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করেছে চীন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের সময় শহরটির আকাশ পরিষ্কার ছিল। কারণ বিজ্ঞানীরাই এটা সফল করেছিলেন।
কনসেপ্ট হিসেবে কয়েক দশক ধরেই প্রচলিত আছে ক্লাউড সিডিং। এ পদ্ধতিতে মেঘের মধ্যে সামান্য পরিমাণ সিলভার আয়োডাউড ইনজেক্ট করা হয়। এর ফলে মেঘের মধ্যে থাকা বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি নামে। একটি মার্কিন গবেষণা বলছে, ক্লাউড সিডিংয়ের মাধ্যমে নির্দিষ্ট এলাকার উষ্ণায়নও কমানো সম্ভব।
কিন্তু এর আগে কেউ চীনের মতো এত ব্যাপক পরিসরে ক্লাউড সিডিং করার কথা ভাবেওনি। চীন বলছে, পুরনো হাস্যকর পদ্ধতি তারা ব্যবহার করবে না। তাদের হাতে আছে স্টেট অব দ্য আর্ট প্রযুক্তি।





Post a Comment