ভেন্টিলেশন থেকে বেরিয়ে এলেন বুদ্ধদেব ভট্টাচার্য, লড়াই এখনও জারি


Odd বাংলা ডেস্ক: শারীরিক অবস্থা খানিকটা হলেও উন্নতি হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। আর সেই কারণেই শুক্রবার তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে আনা হল। এদিন স্ত্রী ও মেয়ের সঙ্গে কথাও বলেন বুদ্ধবাবু। হাসপাতাল সূত্রের খবর, এই ধারা বজায় থাকলে শনিবার তাঁকে ছুটি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। 

দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে, যেখানে তাঁর চিকিৎসা চলছে, সেই হাসপাতালের তরফে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১টা নাগাদ বুদ্ধবাবুকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে বাইপ্যাপে রাখা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন মাত্রা যেমন রক্তচাপ ও হৃদগতি নিয়ন্ত্রণে রয়েছে ।  হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, বুদ্ধবাবুর শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। তিনি লাগাতার চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাই তাঁকে বেশিদিন হাসপাতালে রাখতে চান না চিকিৎসকরা।

এদিন ভেন্টিলেশন থেকে বার করার পর থেকে তাঁর জ্ঞান রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কথা বলেছেন স্ত্রী ও মেয়ের সঙ্গে। খোঁজ করেছেন নিজের আপ্তসহায়কের। ডাকলে সাড়া দিচ্ছেন তিনি।  পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শনিবার তাঁকে ছুটি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.