২৬/১১ হামলার জন্য পাকিস্তানের সর্বোচ্চ পদক পাওয়া উচিত তার! দাবি মুম্বই হামলার চক্রী তাহাউর রানার
Odd বাংলা ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার সঙ্গে যুক্ত সকলেরই উচিত সর্বোচ্চ পাকিস্তানি পদক প্রদান করা, এমনটাই দাবি করল মুম্বই হামলার অন্যতম মূল চক্রী পাক বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানা। এমনকি সে এও দাবি করেছিল যে, তাকেও পাকিস্তানের সর্বোচ্চ পদক দেওয়া উচিত। আদালতে তাহাউর রানা সম্পর্কে এমনটাই দাবি করেছে মার্কিন প্রশাসন।
মুম্বই হামলার প্রেক্ষিতে মার্কিন প্রশাসনের কাছে ভারত রানাকে প্রত্যার্পণের দাবি জানালে গত ১০ জুন গ্রেফতার করা হয় তাকে। ৫৯ বছর বয়স্ক তাহাউর রানার আদি বাড়ি পাকিস্তানে। সেই হামলার আর এক ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলির ছোটবেলার বন্ধু সে। আদালতে মার্কিন প্রশাসনের পক্ষের আইনজীবী আরও জানিয়েছেন, ১৯৭১ সালের পাক স্কুলে জঙ্গি হামলার সঙ্গে তুলনা করে রানা সে সময় হেডলিকে বলেছিল, 'এবার সব শোধ-বোধ হল। ভারতীয়দের এটাই প্রাপ্য।'
শুধু তাই নয়, ২০০৯ সালে একবার এফবিআই-এর জিজ্ঞাসাবাদের সামনে রানা বলেছিল, ন’জন হামলাকারি সে দিন মারা পড়েছিল। সেই সব লস্কর জঙ্গিকে পাকিস্তানের শ্রেষ্ঠ সামরিক সম্মান দেওয়া উচিত। এখানেই শেষ নয়, মুম্বই হামলার 'সাফল্য' নিয়ে উচ্ছ্বসিত রানা নিজের জন্য পদকও চেয়েছিল। নিজেই হয়তো সেই কথা বলত সে, কিন্তু যখন সে জানতে পারল, হেডলি আগেই এই কথা জানিয়েছেন, তখন সে খুশি হয়েছিল। এমনই লিখেছেন মার্কিন প্রশাসনের আইনজীবী।





Post a Comment