এই দেশেই পাওয়া গেছে ডাইনোসরের ডিম!
Odd বাংলা ডেস্ক: গুজরাটে নাকি ডাইনোসরের ডিম পাওয়া গেছে! মহিষাগর জেলার মুভাড়া গ্রামে মাটি খুঁড়তে গিয়ে ক্রেটাশিয়াস যুগের দৈত্যাকার মাংশাসী এই প্রাণীর ডিমের সন্ধান পান শ্রমিকরা।
তবে ডিমটি ডাইনোসরের কিনা তা জানা যাবে গবেষণার পর।
ডিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ওই প্রজাতির ডাইনোসরের নাম- ‘রাজাসরাস নর্ম্যাডেন্সিস’।
গুজরাটের মহিষাগড়ের বালাসিনর এলাকায় সাড়ে ৬ কোটি বছর আগে ক্রেটাশিয়াস যুগে এই প্রজাতির ডাইনোসররা দাপিয়ে বেড়াত। ডিম পাড়ত। বালাসিনরের রাইওলি ছিল গোটা বিশ্বে ডাইনোসরদের ডিম পাড়ার বৃহত্তম ক্ষেত্রগুলির অন্যতম।
একটি বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে ডিমটির সন্ধান পান শ্রমিকরা। তারা সেটি তুলে দিয়েছেন স্থানীয় মামলাতদারের হাতে। তিনি ওই ডিমটি তুলে দেবেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জিএসআই) কাছে। ডিমটি সত্যি সত্যিই ডাইনোসরের কিনা, হলে তা ঠিক কোন সময়ের, জিএসআইয়ের গবেষণাগারেই তা পরীক্ষা করে দেখা হবে।
ডাইনোসর বিশেষজ্ঞরা বলছেন, সাড়ে ৬ কোটি বছর আগে ওই প্রজাতির ডাইনোসরদের বিচরণ ক্ষেত্র ছিল মূলত, নর্মদা নদীর অববাহিকায়। ডিম পাড়ার জন্য তারা যেত দাক্ষিণাত্য (অধুনা মধ্য ও দক্ষিণ ভারত) আর গুজরাটের বিভিন্ন এলাকায়।
ডিমটি শাকাহারী ডাইনোসরেরও হতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞদের একাংশ।





Post a Comment