তাজমহলের স্থলে ছিল শিবমন্দির, এই দাবিতে শিব চালিশা পাঠ করে, গেরুয়া পতাকা উড়িয়ে গ্রেফতার ৪!
Odd বাংলা ডেস্ক: তাজমহল চত্বর ঢুকে শিব চালিশা পাঠ করে গেরুয়া পতাকা উড়িয়ে শ্রীঘরে স্থান হল চারজনের। হেরিটেজ এই জায়গার নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ আধিকারিকরা তাদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু জাগরন মঞ্চে সঙ্গে যুক্ত গ্রেফতার হওয়া ব্যক্তিরা।তাজমহল চত্বরের স্থানীয় তাজগঞ্জ পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ইনস্পেক্টর উমেশ চন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, দক্ষিণপন্থী নেতা গৌরব ঠাকুর ও তাঁর তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
আইপিসি ১৫৩এ (ভিন্ন গ্রুপ বা ধর্মাবলম্বীদের মধ্যে বিদ্বেষ ছড়ানো) ও সেকশন ৭-র অপরাধীবিরোধী আইন সংশোধনের আওতায় তাদের গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, হিন্দু জাগরন মঞ্চের নেতারা দাবি করেন তাজমহলের স্থলে শিব মন্দির ছিল। তবে ২০১৫ সালে কেন্দ্রের মন্ত্রী মহেশ শর্মা সংসদে জানিয়েছিলেন, তাজমহলের জায়গায় হিন্দু মন্দির কখনও ছিল, এমন কোনও তথ্য নেই। এরকম দাবি প্রথম ওঠার পরই আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াও খারিজ করে দিয়েছিল মোঘল সাম্রাজ্যের সময় তৈরি স্থাপত্য তাজমহলের স্থানে আগে কোনও শিব মন্দির থাকার দাবি।
হিন্দু জাগরন মঞ্চের নেতা গৌরব ঠাকুরের নেতৃত্বে এরকম ঘটনা এই প্রথম নয়। গত অক্টোবর মাসেও তাজমহল চত্বরে ঢুকে গেরুয়া পতাকা উড়িয়ে শিব পুজো করার অভিযোগ উঠেছিল তাঁর দলবলের বিরুদ্ধে। তাদের শেয়ার করা একটি ভিডিওয় দেখা যায় যে, একটি বেদির উপর বসে রয়েছেন অভিযুক্ত গৌরব ঠাকুর। চোখ বন্ধ করে তিনি কিছু মন্ত্র আওড়াচ্ছেন। আর তাঁর পাশে দাঁড়িয়ে বাকি তিনজন উড়িয়ে চলেছেন গেরুয়া পতাকা।





Post a Comment