কম পরিমাণ টিকা পাঠিয়েছে কেন্দ্র, বিনা পয়সায় মানুষকে টিকা দিতে কিনতেও রাজি: মমতা
Odd বাংলা ডেস্ক: টিকাকরণের শুরুর দিনও কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্বের ‘প্রতিরোধ’ গড়ে উঠল না। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, পর্যাপ্ত সংখ্যক করোনাভাইরাস টিকা পাঠায়নি কেন্দ্র। রীতিমতো অসহযোগিতা করছে। প্রয়োজনে প্রস্তুতকারী সংস্থাগুলির থেকেও রাজ্য টিকা কিনতে পারে বলে জানালেন তিনি।
শনিবার নবান্নে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে টিকা কেন্দ্রের আশাকর্মী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের উদ্দেশে ভাষণ দেন মমতা। রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গেও বৈঠক সারেন। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে কম টিকা পাঠানোর অভিযোগ করেন তিনি। কীভাবে টিকা কেনা যায়, তা নিয়ে স্বাস্থ্য কর্তাদের আলোচনা করেন। মমতা অভিযোগ করেন, কম পরিমাণে টিকা পাঠিয়েছে কেন্দ্র। সেজন্য নরেন্দ্র মোদী সরকারকে আরও টিকা পাঠানোর আর্জি জানিয়েছেন মমতা।
গত মঙ্গলবার (১২ জানুয়ারি) পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) থেকে পণ্যবাহী বিমানে করে কলকাতায় কোভিশিল্ড আনা হয়। মোট ৮৩ টি বাক্সে করে মোট ৬৮৯,০০০ ডোজ (৬৮,৯০০টি ভায়াল) করোনা টিকা এসেছে।





Post a Comment