অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য চাঁদা তুলছেন এক মুসলিম নারী
Odd বাংলা ডেস্ক: বৈচিত্রের মধ্যে ঐক্য- এটাই ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি। তাকে সম্মান জানিয়েই অযোধ্যার রামমন্দির নির্মাণের জন্য তহবিল গড়ছেন এক মুসলিম নারী, জাহারা বেগম। ‘তাহেরা ট্রাস্ট’ নামক এক তহবিল গড়ে তাঁর সম্প্রদায়ের মানুষদের চাঁদা দিতে আহ্বান জানাচ্ছেন জাহারা। ভগবান রামের পুজোয় সাহায্য করতে শুধু মুসলিম নয়, সমস্ত অ-হিন্দু সম্প্রদায়ের মানুষকে যোগ দিতে বলছেন তিনি।
জাহারা জানিয়েছেন, স্বেচ্ছায় ১০ টাকা থেকে শুরু করে যত খুশি অর্থ দিক মুসলিমরা। গ্রামে গ্রামে কাজ করার সুবাদে তাঁর অভিজ্ঞতা হয়েছে যে, শুধু জমি দিয়ে নয়, কবরস্থান, মসজিদ, ইদগাহ বানাতে অনেকবার হিন্দুরা অর্থসাহায্য করেছে। রামের আদর্শে অনুপ্রাণিত জাহারা বলছেন, ‘আমরা ভাগ্যবান যে এমন এক দেশে জন্মেছি যেখানে ভগবান রাম জন্মগ্রহণ করেছেন। আমরা ভাগ্যবান যে রামের মন্দির আমাদের সময়েই নির্মিত হচ্ছে। ধর্ম জীবনধারণের এক উপায়, একথা তিনিই আমাদের শিখিয়েছেন।’
জাহারার আহ্বান, অযোধ্যায় মন্দির নির্মাণের ঐশ্বরিক কর্মসূচিতে সবাই মিলে একসঙ্গে মন খুলে অংশগ্রহণ করা যাক। তিনি এও বলেছেন, ভারত নানান ধর্ম, রীতি-রেওয়াজ, সংস্কৃতি, ভাষা যা অন্যান্য দেশে অমিল। ভারতে মুসলিম সহ সমস্ত ধর্মের মানুষের স্বাধীনতা রয়েছে যা অন্য দেশে দেখা যায় না। ভারতীয় হিসেবে গর্ববোধ করছেন তিনি।





Post a Comment