আজ সুশান্তের জন্মদিনে মহাকাশপ্রেমীদের জন্য ২৫.৫লক্ষ টাকার বৃত্তি ঘোষণা করলেন দিদি শ্বেতা


Odd বাংলা ডেস্ক: আজ সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। বেঁচে থাকলে ৩৫ বছরে পদার্পণ করতেন তিনি। কিন্তু সব সম্ভাবনাই ভেঙেচুরে চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত।তাঁর স্মৃতিটুকু অক্ষয় করে রাখতে এবার সুশান্তের জন্মদিনে বৃত্তি ঘোষণা করলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি।মার্কিন মুলুকের বাসিন্দা শ্বেতা এদিন ৩৫ হাজার মার্কিন ডলারের একটি বৃত্তির (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পচিশ লক্ষ টাকা) কথা ঘোষণা করেছেন। ইউসি বার্কলেতে অ্যাস্ট্রোফিজিক্স পড়তে আসা যে কোনও ছাত্রই এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শ্বেতা  লেখেন, "দ্য সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ইউসি বার্কলের জন্য ৩৫ হাজার ডলার বৃত্তির ব্যবস্থা করছে। কেউ অ্যাস্ট্রোফিজিক্স পড়তে ইউসি বার্কলে এলে এই অনুদানের জন্য আবেদন করতে পারেন।"

‌এর পরে আবেগঘন ভাষায় শ্বেতা লেখেন, "আমি তাঁর কাছে কৃতজ্ঞ যে এই কাজটা সফলভাবে হতে দিয়েছে। তুমি যেখানেই থেকো ভাল থেকো। আদরের ভাই তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা। আমরা তোমায় ভালবাসি।"

দিন কয়েক আগেই সুশান্তের হাতে লেখা একটি নোট ইন্সটাগ্রামে শেয়ার করেন কৃতি। সুশান্ত সেখানে আক্ষেপ করে লিখেছিলেন, "আমি জীবনের প্রথম ৩০ বছর কাটিয়ে ফেললাম কিছু একটা হয়ে উঠতে। আমি চাইতাম নানা বিষয়ে ভাল হতে। টেনিসে ভাল হতে চাইতাম, আরও কত কী। সব কিছুই নিজের আয়নায় দেখতাম। কিন্তু আমি যেমন আমি তাতে খুশি নই। ..আসলে দেখতে হতো আমার মধ্য়ে নিজস্ব কী আছে।"

প্রসঙ্গত, ২০২০-র  ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়। বহু টালবাহানার পর তদন্তকারীরা সিদ্ধান্তে আসেন সুশান্ত আত্মহত্যাই করেছেন। তবে কী কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিলেন সম্ভাবনাময় এই অভিনেতা, তার উত্তর আজও অধরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.