করোনার কোপে জর্জরিত ব্রিটেন, প্রজাতন্ত্র দিবসে ভারতে আসছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: করোনার নতুন স্ট্রেন থেকে সংক্রমণের ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। আর এর জেরেই বাতিল হয়ে গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু করোনার নতুন স্ট্রেনের সংক্রমণের জেরে এই সফর বাতিল করলেন বরিস জনসন।

ব্রিটিশ হাই কমিশন সূত্রে খবর, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বরিস জনসনের। দিল্লির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ গ্রহণও করেন বরিস জনসন। কিন্তু পরে সেই চিত্র বদলে যায়। করোনা আবহে ভারতে আসছেন না বলে জানা যায় ব্রিটিশ সরকার সূত্রে।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেন, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী বরিস জনসনের। নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন। কিন্তু পূর্ব নির্ধারিত এই সূচি বাতিল করতে হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যেতে পারছেন না বলে দুঃখও প্রকাশ করেছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.