জৈব কৃষিকে উৎসাহ দিতে ড্রাগন ফ্রুট উৎসব পালন করবে উত্তরপ্রদেশ
Odd বাংলা ডেস্ক: এর আগে স্ট্রবেরি উৎসবের আয়োজন করা হয়েছিল। এইভাবেই অন্য ধারার ফল ও সবজি চাষে উৎসাহ দিতে আরও এক ধাপ এগিয়ে গেল উত্তরপ্রদেশ। কিছুদিন আগেই এই প্রচেষ্টার একটি অঙ্গ হিসেবে গোরখপুরে অনুষ্ঠিত হয়েছে মিষ্টি আলু উৎসব। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে এবার একটি ড্রাগন ফ্রুটের উৎসবও পালন করতে হবে।সেইসঙ্গে জনতাকে এই ফল খাওয়ার উপকারিতা এবং ওষুধ হিসেবে এই ফলের গুণও বোঝাতে হবে।
তবে ড্রাগন ফ্রুট উৎসব ছাড়াও উত্তরপ্রদেশ সরকার এই জাতীয় ফল ও সবজির উৎসবের একটি লম্বা তালিকা তৈরি করে রেখেছে। উত্তরপ্রদেশ একটি বড় রাজ্য, তাই বিভিন্ন উৎসব বিভিন্ন জায়গায় করার পরিকল্পনা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রয়াগরাজে গুয়াভা বা পেয়ারা উৎসব, কুশীনগরে কলা বা বানানা উৎসব এবং প্রতাপগড়ে এওনলা বা গুজবেরি উৎসব।এই প্রত্যেকটি উৎসবই সরকারের ওডিওপি বা ওয়ান ডিসট্রিক্ট ওয়ান প্রোডাক্ট নামক প্রকল্পের অন্তর্গত। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর মন কি বাত অনুষ্ঠানে স্ট্রবেরি, ড্রাগন ফ্রুট ও মিষ্টি আলু খাওয়ার উপকারিতা সম্পর্কে বলেছেন।
ড্রাগন ফ্রুটকে বলা হয় সুপার ফ্রুট। এই ফলে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন এবং প্রচুর পরিমাণে ফাইবার। সেইসঙ্গে রয়েছে উৎকৃষ্ট মানের অ্যান্টি-অক্সিড্যান্ট। তাছাড়া মধুমেহ বা সুগার নিয়ন্ত্রনেও কাজ দেয় এই ফল। এই ফল খেলে ওজন বেড়ে যাওয়ারও কোনও আশঙ্কা থাকে না, কারণ এই ফলে কোনও ফ্যাট নেই।





Post a Comment