রাত হলেই কেউ প্রবেশ করে না রহস্যময় এই মন্দিরে!

 

Odd বাংলা ডেস্ক: রাজস্থানে কিরাডুর রহস্যময় মন্দির৷ তবে খাজুরাহোর সঙ্গে এর মিল থাকায় অনেকে একে রাজস্থানের খাজুরাহো-ও বলে থাকেন৷ রাজস্থানে বারম শহর থেকে ৩৫কিলোমিটার দূরে রয়েছে এই কিরাডু মন্দির৷ আর এখানেই রাত্রিবাসের কথায় কেউ ভুলেও রাজি হয় না৷ কেন জানেন?

জানা যায়, একসময় পারমার রাজ বংশে সোমেশ্বর নামে এক রাজা ছিলেন৷ তাঁর আমলেই তুর্কি অভিযান ঘটে৷ তুর্কি আক্রমণে যারপরনাই ক্ষতি হয় কিরাডুর৷ এই ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে রাজা এক সন্ন্যাসীর শরণাপন্ন হলে, সেই সন্ন্যাসী তাঁর শিষ্যকে রেখে যান কিরাডুতে৷ পরবর্তীকালে ধীরে ধীরে কিরাডু আবার সমৃদ্ধ হয়ে ওঠে, কিন্তু সেই শিষ্যের কথা কেউ মনে রাখে না, শুধুমাত্র এক কুম্ভকারের স্ত্রী ছাড়া৷

এমনকি তাঁর অসুস্থতাতেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না৷ সন্ন্যাসী ফিরে এসে এই অবস্থা দেখলে তিনি ক্ষোভে ফেটে পড়েন৷ তৎক্ষণাৎ তাঁর অভিশাপে কিরাডু পাথরে পরিণত হয়৷ তবে কুম্ভকারের স্ত্রী কে সন্ন্যাসী বলেন সন্ধ্যের আগে কিরাডু ছেড়ে চলে যেতে৷ তবে যাওয়ার সময় পিছনে ফিরে তাকালে সেও পাথর হয়ে যাবে৷ কুম্ভকারের স্ত্রী সন্ন্যাসীর কথা মতো কিরাডু ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়, তবে যেতে যেতে কৌতূহলের বশে পেছনে ফিরে তাকানোর ভুল করলে সেও পাথর হয়ে যায়৷

সন্ন্যাসীর এই অভিশাপ এবং কিরাডুর এই ঘটনার বাস্তব কোনও প্রমাণ না থাকলেও এই প্রচলিত কথা বিশ্বাস করেন স্থানীয় অনেকেই৷ সন্ধেবেলা তাদের নিঃশ্বাস-প্রশ্বাসের শব্দ যেন পাথর ভেদ করে বেরিয়ে আসে এই কিরাডুতে৷ ছায়ামূর্তিরা যেন ঘুরে বেড়ায় কিরাডু জুড়ে৷ জনমনুষ্যহীন হয়ে পড়ে কিরাডুর মন্দিরগুলি৷ এমন একটি রোমহর্ষক বিষয় কি আপনাকেও টানছে কিরাডুর মন্দিরে৷ যাবেন না কি?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.