কর্মসময়ের বাইরে অতিরিক্ত ১৫ মিনিট কাজ করলেই মিলবে ওভারটাইম!


Odd বাংলা ডেস্ক: কর্মসময়ের বাইরে মাত্র ১৫ মিনিট বেশি কাজ করলেই ধরা হবে ওভারটাইম। আগামী ১ এপ্রিল থেকে চালু হচ্ছে ভারত সরকারের নতুন শ্রম আইন। দেশের সরকারি-বেসরকারি সংস্থার প্রতিটি কর্মীর ক্ষেত্রেই এ নীতি প্রযোজ্য হবে। কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখেই নয়া আইনের খসড়া সাজিয়েছে দেশের শ্রম মন্ত্রক।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, নতুন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের বাইরে ১৫ মিনিট বেশি কাজ করা মানেই তা ওভারটাইমের আওতায় পড়বে। অর্থাৎ, এই সময়ে কোনও কর্মী কাজ করলে তাকে ওভারটাইম বাবদ অতিরিক্ত বেতন দিতে হবে প্রতিষ্ঠানকে। বর্তমানে ভারতে ওভারটাইমের সময়সীমা ৩০ মিনিট। অর্থাৎ এবার তা আরও ১৫ মিনিট কমানোর পথে মোদী সরকার।

চাকরিজীবীদের আরও কিছু সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, যার মধ্যে  চাকরিজীবীদের আর্থিক সুরক্ষার স্বার্থে এখন থেকে বাধ্যতামূলক পিএফ ও ইএসআই-এর সুবিধা দেয়ার প্রস্তাবনা দেয়া হয়েছে ওই খসড়ায়। শুধু স্থায়ী কর্মীই নন, এই সুবিধার আওতায় পড়ছেন অস্থায়ী, কনট্র্যাক্ট/ আউটসোর্সিং হিসাবে কর্মরত কর্মীরাও। তাই অস্থায়ী কর্মী দেখিয়ে আর পিঠ বাঁচাতে পারবে না কোনও প্রতিষ্ঠান। 

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে,  প্রতিটি সংস্থায় এভাবে আইনটি প্রয়োগ করা যাবে কি না বা আদৌ সম্ভব কি না তা বড় প্রশ্ন । তবে চার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মোদী সরকারের নয়া শ্রম আইন বিজেপির নয়া নির্বাচনী কৌশল হতে পারে, যার প্রভাব বিজেপির ভোটব্যাঙ্কে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.