বাড়িতে বানান সুজির রসবরা
Odd বাংলা ডেস্ক: সুজির হালুয়া বা সুজির উপমা তো সবাই খেয়েছি। তবে সুজির রস বড়া খাওয়ার সুযোগ কখনো হয়েছে কি? রসে ভরা সুজির এই রসবড়া মুখে দিলেই মিলিয়ে যাবে। ছোট বড় সবারই পছন্দের এই সুজির রসবড়া।
যেকোনো উৎসবেও হতে পারে বিশেষ চমক এই বড়া। এছাড়া অতিথিদের মিষ্টিমুখ করাতেও ঘরেই তৈরি করতে পারেন মজাদার সুজির রসবড়া। এই সুজির রসবড়া খেতে যেমন মজার তেমনই তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক মজাদার সুজির রসবড়া তৈরির রেসিপিটি-
উপকরণ: সুজি আধা কাপ, তরল দুধ এক কাপ, পাউডার মিল্ক দুই চা চামচ, ঘি এক টেবিল চামচ।
চিনির সিরার উপকরণ: চিনি এক কাপ, জল এক কাপ, এলাচ তিনটি।
প্রণালী: প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিন। এবার এতে এক চামচ ঘি গরম করে আধা কাপ সুজি ভেজে নিন। ভাজার সময় চুলার আঁচ কমিয়ে রাখুন। সুজি ভাজা হয়ে গেলে এতে এক কাপ তরল দুধ দিন। এরপর ভালোভাবে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর সুজি ও দুধের মিশ্রণ গাঢ় হয়ে ডো এর মতো হলে নামিয়ে নিন। এবার ডো’তে দুই চা চামচ গুড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ছোট ছোট করে ডো করে নিন। সেগুলো থেকে হাতে করে চ্যাপ্টা করে বড়ার মতো বানিয়ে নিন। বড়াগুলো তৈরি হয়ে গেলে ডুবো তেলে বাদামি করে ভেজে নামিয়ে নিন।
চিনির সিরা বানাবেন যেভাবে: চুলায় প্যান বসিয়ে তাতে এক কাপ চিনি ও দুই কাপ জল দিন। সঙ্গে তিনটি এলাচ দিয়ে ভালো করে জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। দুই থেকে তিন মিনিট পরই দেখবেন মিশ্রণটি ঘন হয়ে এসেছে। তখন নামিয়ে রাখুন। এরপর সুজির বড়াগুলো এই রসে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করুন মজাদার সুজির রসবড়া।





Post a Comment