নাসার প্রযুক্তি এখন সাইকেলের চাকায়
Odd বাংলা ডেস্ক: পরিবেশবান্ধব বাহন মানেই সাইকেল। কাছের কোনো জায়গায় সহজে যাওয়ার জন্য এর তুলনা হয় না। সাইকেল নিয়ে নিত্য নতুন গবেষণা করছেন বিশেষজ্ঞরা। এবার নাসার প্রযুক্তি যোগ করা হচ্ছে সাইকেলের চাকায়।
নতুন প্রযুক্তি ব্যবহার হলে চাকায় বাতাস দিতে হবে না। এমনকি চাকা ফুটো হওয়ার দুশ্চিন্তাও থাকবে না। এই চাকা বাণিজ্যিক উদ্দেশ্যে বাজারজাত করার লক্ষ্যে প্রতিষ্ঠা হয় স্মার্ট টায়ার কোম্পানি।
প্রশ্ন জাগতে পারে, কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? বিভিন্ন গ্রহে পাঠানো রোভারের টায়ার বা টিউব যদি কোনোভাবে ফুটো হয়ে বাতাস বেরিয়ে যায়, তাহলে পুরো অভিযানই ভেস্তে যাবে। বসে যাওয়া চাকা নিয়ে বালুময় পথে চলবে না রোভার। আর সে কারণেই বাতাসহীন প্রযুক্তির টায়ার উদ্ভাবন করে নাসা।
এই চাকাগুলো নিকেল-টাইটানিয়াম অ্যালয় থেকে তৈরি। স্মার্ট টায়ার কোম্পানির ভাষায়, হালকা, নমনীয়, মহাকাশযুগের উপযুক্ত ধাতব, যা কখনো বসে যাবে না, আবার দিব্যি নিখুঁতভাবে চলবে। ভবিষ্যতে এমন উপাদানেই বাইসাইকেলের টায়ার তৈরি হবে বলে মনে করে প্রতিষ্ঠানটি। আর নকশাটি এমন যে অন্যান্য বাহনের জন্যও উপযুক্ত।
নাসার প্রকৌশলী সানতো পাদুলা বলেছেন, ভূপৃষ্ঠে চলে এমন যেকোনো বাহনের টায়ার শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য শেপ মেমোরি অ্যালয় যথেষ্ট সম্ভাবনাময়। আর সেটা কেবল হিমশৈলের চূড়া মাত্র।





Post a Comment