ছেলে বিজেপি করায় মার খেয়েছিলেন, চলে গেলেন নিমতার বৃদ্ধা

Odd বাংলা ডেস্ক: গত ২৭ ফেব্রুয়ারি উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিমতা পাটনা স্কুল রোডে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাঁর অশীতিপর বৃদ্ধা মা’কে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। গোপাল মজুমদার নামে ওই বিজেপি কর্মী অভিযোগ করেছিলেন, তিনজন তৃণমূল কর্মী বাড়িতে ঢুকে পড়েন। তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে শাসকদলের ওই কর্মীরা। তাঁর মা বাধা দিতে এলে তাঁকে ধরেও বেধড়ক করা হয়। সেই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। বৃদ্ধার মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কলকাতায় ব্রিগেড সমাবেশে নাম না করে নিমতার বৃদ্ধার উপর আক্রমণ নিয়ে মমতা সরকারকে আক্রমণ শানান নরেন্দ্র মোদীও।

যদিও বৃদ্ধাকে মারধরের ঘটনায় তৃণমূলের যোগের অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়রা। নিজেকে বৃদ্ধার নাতি হিসেবে দাবি করা গোবিন্দ মজুমদার নামে এক ব্যক্তি সেইসময় বলেছিলেন, ‘‌দিদার উপরে হামলা করা হয়নি। তিনি তিন বছর ধরে তিনি শয্যাশায়ী।’‌ সেই দাবি-পালটা দাবির মধ্যেই পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বারাকপুর সিটি পুলিশ। অভিযুক্তরা সকলেই আদালতে আত্মসমর্পণ করেছে। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন টুইটে ঘটনার সমালোচনা করে লিখেছিলেন, ‘আমরা ইতিবাচক প্রচার করছি। তাই বিজেপি মরিয়া হয়ে উঠেছে। এমনকী বয়স্কদের বাদ দিচ্ছে না। মিথ্যা খবর রটাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করার মতো ওদের ক্ষমতা নেই।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.