'আমি না থাকলে টিকা পাওয়া যেত না',ভ্যাকসিন নিতে গিয়ে যেন তাঁকে সবার মনে পড়ে,দাবি ট্রাম্পের


Odd বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, করোনা টিকা নেওয়ার সময় সবাই যেন তাঁর কথা মনে রাখেন। তিনি প্রেসিডেন্ট না হলে কখনওই এই টিকা পাওয়া সম্ভব হত না বলে মনে করেন ট্রাম্প। একটি বিবৃতি প্রকাশ করে এমনটাই দাবি করেন ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জনসন অ্যান্ড জনসনের এক কোটি টিকা সংগ্রহের পরিকল্পনার কথা ঘোষণা করার পরই ট্রাম্প তার বিবৃতিতে এ দাবি করেন। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই জো বাইডেন সর্বত্র টিকাদানের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করার কর্মসূচি ঘোষণা করেন। তবে ট্রাম্পের দাবি, টিকা কার্যক্রমের সব কৃতিত্বই তাঁর।

প্রসঙ্গত, শুরুর দিকে করোনা ভাইরাসকে বিশেষ একটা আমল দিতেন না ট্রাম্পস এটিকে সাধারণ ফ্লু হিসেবে উড়িয়ে দিতে চেয়েছিলেন। ফল স্বরুপ নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টিকা আসার পর জো বাইডেন প্রকাশ্যে টিকা নিয়েছেন। তবে ট্রাম্প কবে টিকা নিয়েছেন, তা প্রকাশ্যে জানানো হয়নি। পরে সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প ও প্রাক্তন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানুয়ারির শুরুতেই গোপনে টিকা নিয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ লাখ ৪৩ হাজার ৭২১ জন। গত বছরের ডিসেম্বর থেকে দেশটিতে টিকা কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্রে এখন গড়ে প্রতিদিন ২০ লাখের বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলছে, প্রায় ১৮ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়ে গেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.