হাসপাতালের এক বেডে দুই করোনা রোগী

Odd বাংলা ডেস্ক: নাগপুর শহরে সংক্রমণ এত বেশি দেখা দিয়েছে যে, সেখানকার একটি হাসপাতালে এক বেডে দুইজন করে রোগী রাখতে হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ছবিতে দেখা যায় নাগপুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের (জিএমসিএইচ), লোকজনে ভর্তি একটি ওয়ার্ডের অনেক বেডেই দুইজন করে রোগী রয়েছেন। কোথাও রোগীরা একজন আরেকজনের পায়ের দিকে মুখ করে শোয়া।

কর্মকর্তারা বলছেন, চিকিৎসকরা গুরুতর রোগীদের জিএমসিএইচে পাঠান এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ অনেক বেশি। তাই রোগীরা সরকারি হাসপাতালে ভিড় করার কারণে পরিস্থিতি এতটা খারাপ হয়েছে। ভারতে সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমিত রাজ্যগুলোর মধ্যে অন্যতম মহারাষ্ট্র। এ রাজ্যেরই শহর নাগপুরে গত সোমবারও ৩ হাজার ১০০ জনের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ৫৫ জন।

স্থানীয় বিজেপি নেতা চন্দ্রকান্ত বাভানকুলে অভিযোগ করেছেন, অন্য রোগে আক্রান্তদেরও করোনা রোগীদের সঙ্গে হাসপাতালের একই ওয়ার্ডে রাখা হচ্ছে। তিনি বলেন, নাগপুরে কোনো বেড নেই, আর এই মহামারির মধ্যে সরকারের কোনো পদক্ষেপই নেই।

নাগপুর জিএমসিএইচের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট অভিনাশ গাভান্দে বলেছেন, প্রোটোকল অনুসারে শুধু মাঝারি থেকে গুরুতর করোনা রোগী এবং শহরের বাইরে থেকে আসা সংকটাপন্ন অসুস্থদেরই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তিনি বলেন, জিএমসিএইচে কাজের চাপ অনেক বেশি। আমরা বেডের সংখ্যা বাড়াচ্ছি, তবে পরিস্থিতি এখন স্বাভাবিক। এক বেডে এখন একজন করেই রোগী রয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.