বৈশাখী আয়োজনে ইলিশ মাছ ও ভর্তার রকমারি রেসিপি

Odd বাংলা ডেস্ক: বাঙালিদের কাছে ভর্তা খুবই প্রিয় একটি খাবার। পহেলা বৈশাখে পান্তা ইলিশের পাশাপাশি এই ভর্তা না থাকলে খাবারটা ঠিক জমে উঠে না। ভর্তার কথা শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। তাই নববর্ষ উপলক্ষে আজকের আয়োজনে থাকছে বিভিন্ন রকম ভর্তার পাশাপাশি ইলিশ ভাজার রেসিপি। চলুন আর দেরি না করে জেনে নেয়া যাক রেসিপিগুলো সম্পর্কে-  

ইলিশ ভাজা

উপকরণ: ইলিশ মাছ আট পিচ, সরিষার তেল দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া এক চামচ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ।


প্রণালী: প্রথমে মাছ কেটে ভালো করে ধুয়ে নিন। এবার মাছগুলো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে ১০ মিনিট রাখুন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার চুলায় তাওয়া দিন। তেল দিন। তেল গরম হলে মাছগুলো বিছিয়ে দিন। কিছুক্ষণ পর মাছগুলো উল্টে ভেজে নিন। দুই পিঠ ভাজা হলে নামিয়ে ভাজা পেঁয়াজ-মরিচ উপরে ছড়িয়ে দিয়ে পান্তা ভাতের সঙ্গে  পরিবেশন করুন।

কচু নারকেল ভর্তা

উপকরণ: কচু কিমা এক কাপ, নারকেল বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, শুকনা মরিচ ভাজা তিন থেকে চারটি, সরিষার তেল এক টেবিল চামচ, পুদিনাপাতা কুচি অল্প পরিমাণ, লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে এক টুকরো কচুকে পুড়িয়ে বা সিদ্ধ করে ভালো করে মাখিয়ে কিমা করে নিন। এবার একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ কুচি দিয়ে বাদামি করে ভেজে তাতে কচু কিমা ও নারকেল বাটা দিয়ে নামিয়ে নিন। এবার পুদিনাপাতা কুচি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মুখরোচক কচু নারকেল ভর্তা।

চিনাবাদাম ভর্তা

উপকরণ: চিনাবাদাম ভাজা (খোসা ছাড়া) এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন দেশি দুইটি, কাঁচামরিচ চার থেকে পাঁচটি, ধনিয়া পাতা কুচি এক আঁটি, সরিষার তেল এক টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।

প্রণালী: কাঁচা মরিচ কাঠখোলায় টেলে নিতে হবে। বাদামের লাল খোসা ঘষে তুলে ফেলে, পাটায় বেটে নিতে হবে। কাঁচা মরিচ বেটে নিতে হবে। এবার তেলের সঙ্গে পেঁয়াজ, লবণ, ধনিয়া পাতা কুচি চটকে বাদাম ও কাঁচা মরিচ বাটা দিয়ে মাখাতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিনাবাদাম ভর্তা।

লাউয়ের খোসা ভর্তা

উপকরণ: লাউয়ের খোসা এক কাপ, চিংড়ি মাছ কুচি আধা কাপ, শুকনা মরিচ টালা চার থেকে পাঁচটি, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, রসুন কুচি এক টেবিল চামচ, সরিষার তেল এক টেবিল চাম, হলুদ গুঁড়া সামান্য, লবণ পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ।

প্রণালী: প্রথমে লাউয়ের খোসা ধুয়ে অল্প জলে সিদ্ধ করে নিন। এরপর বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার সরিষার তেল গরম করে রসুন কুচি একটু ভেজে নিন। এবার চিংড়িগুলো দিয়ে ভাজুন। এখন একে একে সব উপকরণ দিয়ে হালকা করে মিশিয়ে নিন। সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার লাউয়ের খোসা ভর্তা।

ছুরি শুঁটকি ভর্তার

উপকরণ: ছুরি শুঁটকি ছোট করে কাটা আধা কাপ, পেঁয়াজ কুচি দুই কাপ, শুকনা মরিচের গুঁড়া দুই টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, চিনি আধা চা চামচ, লেবুর রস এক চা চামচ, তেল আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, তেজপাতা একটি, কাঁচা মরিচ চার টুকরা করে কাটা ছয়টি।

প্রণালী: শুঁটকি ভালো করে ধুয়ে সিদ্ধ করে বেটে নিতে হবে। তেল গরম করে আদা-রসুন দিয়ে ভালো করে ভুনে শুঁটকি দিয়ে ভুনতে হবে। হলুদ, ধনে, মরিচের গুঁড়া, তেজপাতা, লবণ দিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট ভুনে পেঁয়াজ দিয়ে ভুনতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে চিনি, লেবুর রস, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।

কালোজিরা ভর্তা

উপকরন: কালোজিরা আধা কাপ, পেঁয়াজ একটি, রসুন বড় চার থেকে পাঁচটি, কাঁচা মরিচ চার থেকে পাঁচটি,লবণ স্বাদ মতো, সরিষার তেল পরিমাণ মতো।  

প্রনালী: মরিচ, পেঁয়াজ ও রসুনকে কুচি করে কেটে নিন। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন ও মরিচ, চাইলে শুকনা মরিচ দিতে পারেন আলাদা একটা টেস্ট পাবেন সামান্য লবণ দিয়ে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তাতে কালো জিরা দিয়ে দিন। কালোজিরা দিয়ে কিছুক্ষন নাড়তে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। এরপর চুলা বন্ধ করে কিছুক্ষন চুলার উপর রেখে দিন। এবার নামিয়ে পাটায় সব কিছু ভালো করে মিহি করে বেঁটে লবণ মাখিয়ে নিন। ব্যস হয়ে গেল, কালি জিরা ভর্তা।

টমেটো ভর্তা 

উপকরণ: টমেটো ৪টি, মাঝারি সাইজের ১টি পেঁয়াজ কুচি, শুকনা মরিচ ২টি, কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সরিষার তেল।

প্রণালী: টমেটো ভালো করে ধুয়ে নিন। চুলায় মৃদু আঁচে একটি প্যান বসান। সামান্য তেল দিয়ে টমেটো দিয়ে ঢেকে দিন। প্রায় ৫ মিনিট পর টমেটো উল্টে দিন। এভাবে পুরো টমেটো পুড়ে দিন। বারবার উল্টেপাল্টে দিতে হবে। সিদ্ধ হয়ে পোড়া পোড়া হয়ে গেলে চামচ দিয়ে টমেটো অর্ধেক করে উল্টো করে রাখুন। 

এতে টমেটোতে থাকা বাড়তি জলে দূর হবে। একটি বাটিতে টমেটোর টুকরা নিয়ে চামড়া সরিয়ে ফেলুন। শুকনা মরিচ টেলে লবণ দিয়ে মেখে নিন। এবার এর সঙ্গে পেঁয়াজ কুচি, সরিষার তেল, কাঁচামরিচ কুচি মিশিয়ে নিন। টমেটো হালকা ভর্তা করে পেঁয়াজ ও মরিচের মিশ্রণের সঙ্গে ভর্তা করে নিন। পরিবেশন করুন গরম ভাতে সঙ্গে।

টাকি মাছের ভর্তা

উপকরণ: টাকি মাছ এক কাপ, পেঁয়াজ কুচি তিনটেবিল চামচ, আদা রসুন, বাটা এক চা চামচ, পেঁয়াজ পাতা দুই টেবিল চামচ, জিরা বাটা এক চা চামচ, রসুন মিহি দুই টেবিল চামচ, ধনিয়া বাটা এক চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ বাটা আধা চা চামচ, মরিচ বাটা আধা চা চামচ। 

প্রণালী: মাছ সেদ্ধ করে কাটা বেছে এক কাপ মেপে নিন। তেলে পেঁয়াজ দিয়ে হালকা বাদামী রং করে ভেজে বাটা মসলা ও সামান্য জলে এবং রসুন দিয়ে কষান। কষানো হলে পেয়াজপাতাসহ কচি পেঁয়াজ দিয়ে নাড়ুন। মাছ দিয়ে নেড়ে নেড়ে ভাজুন। লবণ দিন। মাছ হালুয়ার মতো তাল বাঁধলে নামান। মাছ যেন ঝুরি এবং শুকনো না হয়। এরপর চাইলে হাত দিয়ে গোল গোল বল বানিয়ে পরিবেশন করুন মজাদার টাকি মাছের ভাজা ভর্তা।  

সরিষা ভর্তা

উপরকণ: লাল সরিষা চার টেবিল চামচ, কাঁচামরিচ একটি, লবণ পরিমাণ মতো।

প্রণালী: সরিষা ভালো করে বেছে ধুয়ে কাঁচামরিচ এবং লবণ দিয়ে শিলপাটায় বেটে নিন।

আলু ভর্তা

উপকরণ: বড় সাইজের আলু তিনটি, শুকনা মরিচ দুইটি মাঝারি, পেঁয়াজ একটি কুচি, সরিষার তেল ও লবণ পরিমাণ মতো।

প্রণালী: আলু ভালো করে ধুয়ে চার ভাগ করে সিদ্ধ করে নিন। সিদ্ধ হলে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। পেঁয়াজ কুচি ও শুকনা মরিচ অল্প তেলে ভেজে নিন। পেঁয়াজ বাদাম রং হলে নামিয়ে নিন। এবার আলুর খোসা ছাড়িয়ে পিষনিতে পরিমান মতো লব ও সরিষার তেল, পেঁয়াজ, মরিচ দিয়ে মিহি করে পিষুন। ভর্তা হয়ে গেলে হাতে নিয়ে ছোট ছোট গোল বল করে বাটিতে করে পরিবেশন করুন।

চিংড়ি শুটকি ভর্তা

উপকরন: চিংড়ি শুটকি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ দুইটি, রসুন কুচি এক কোয়া, ধনিয়া পাতা কুচি আধা কাপ, লবণ আধা চা চামচ, সরিষার তেল এক চামচ। 

প্রণালী: প্রথমে সবগুলো উপকরণ রুটির তাওয়ায় অল্প আঁচে টেলে নিন।  যতক্ষন সবগুলো উপকরণ ভেজে পরিমানে আধা হয়ে আসে। এবার জলে ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। অথবা পাটায় পিষে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি শুটকি ভর্তা  ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.