স্বাস্থ্যের গুরুত্ব আছে, কিন্তু ধর্মকে অবহেলা নয়, কুম্ভ নিয়ে সাফাই মুখ্যমন্ত্রীর


Odd বাংলা ডেস্ক: ভারতবর্ষকে যেন পুনরায় গ্রাস করছে করোনা। সরকার করোনা বিধিনিষেধ মেনে চলায় জোর দিলেও, কুম্ভমেলার জনস্রোতে লাগাম টানতে নারাজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিংহ রাওয়ত। তাঁর যুক্তি, ‘‘মানুষের স্বাস্থ্য অবশ্যই গুরুত্ব পাবে। তাই বলে ধর্মকে অবহেলা করতে পারব না।’’ তাঁর মতে, ‘‘কুম্ভমেলায় যাঁরা এসেছেন তাঁরা কেউ বাইরের নন, আমাদের নিজেদের লোক।’’

কুম্ভের দ্বিতীয় শাহি স্নানের জন্য সোমবার বিকেল পর্যন্ত প্রায় ২৮ লক্ষ মানুষ হরিদ্বার পৌঁছেছেন। যার জেরে কোভিড বিধিনিষেধ কার্যত শিকেয় উঠেছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার সন্দেহ প্রকাশ করে জানিয়েছে যে, কুম্ভ ফেরত তীর্থযাত্রীরা সংক্রমণ বয়ে আনতে পারেন। কুম্ভমেলা কোভিড সংক্রমণের ‘সুপারস্প্রেডার’ হয়ে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। কিন্তু কুম্ভমেলার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে রয়েছে বলে তা আটকানোর প্রশ্ন নেই বলে সাফাই দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ।

মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে আয়োজিত আলোচনাসভায় যোগ দেন তিনি। সেখানে নিজামউদ্দিন মরকজের সঙ্গে কুম্ভমেলার তুলনা টানলে তিনি বলেন, ‘‘কুম্ভ এবং মরকজের তুলনা চলে না। একটি বদ্ধ জায়গায় মরকজের আয়োজন হয়েছিল। কুম্ভমেলা হচ্ছে খোলা জায়গায়, গঙ্গার সুবিস্তৃত ঘাটে। তা ছাড়া কুম্ভমেলায় যে পুণ্যার্থীরা ভিড় করেছেন, তাঁরা কেউ বাইরের লোক নন, আমাদের নিজের লোক। মরকজের সময় কোভিড সম্পর্কে সে ভাবে সচেতনতা তৈরি হয়নি মানুষের মধ্যে। চালু হয়নি বিধিনিষেধও। মরকজে শামিল লোকজন কত দিন বদ্ধ জায়গায় ঢুকেছিলেন, কেউ জানত না। সেই তুলনায় এখন মানুষ কোভিড নিয়ে অনেক সচেতন। ১২ বছরে এক বার কুম্ভমেলা হয়। এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় আবেগ জড়িয়ে রয়েছে। কোভিড চ্যালেঞ্জের মধ্যে বিধি নিষেধ মেনে সফল ভাবে মেলা পরিচালনা করাই আমাদের লক্ষ্য।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.