‘করোনার প্রভাবে হওয়া ফুসফুস সংক্রমণ সেরে যায় গোমূত্রে’, দাবি সাধ্বী প্রজ্ঞার


Odd বাংলা ডেস্ক:
এর আগে দাবি করেছিলেন, ‘গোমূত্র পান করলে ক্যানসারও সেরে যায়।’ এবার বললেন, “করোনা সংক্রমণের পর ফুসফুসের ক্ষতি সারাতে কার্যকর গোমূত্র।”তিনি আর কেউ নয়, বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর 
(Pragya Thakur)। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন টালমাটাল দেশ। তখন বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপির এই সাংসদ।
 
বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের  দাবি, গোমূত্র জীবনদায়ী। এর একাধিক গুণ রয়েছে। করোনা সংক্রমণও রুখে দিতে পারে গোমূত্র, দাবি করেছেন প্রজ্ঞা। তাঁর কথায়, “প্রতিদিন যদি দেশি গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দিতে পারে। আমি রোজ গোমূত্র পান করি। তাই করোনা প্রতিরোধে আমাকে কোনও ওষুধ খেতে হয় না। আর আমার করোনাও হয়নি।” 

উল্লেখ্য, গত বছর অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি সাংসদ। তাঁকে দিল্লির এইমসে ভরতি করতে হয়েছিল। শরীরে করোনার উপসর্গও ছিল। তবে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কয়েক বছর আগে বিজেপি সাংসদ প্রজ্ঞা বলেছিলেন, দু’টি গোজাত দ্রব্যের সঙ্গে গোমূত্র মিশিয়ে পান করেন। আর তাতেই তাঁর ক্যানসার নিরাময় হয়েছে। তবে এই প্রথম নয়। প্রজ্ঞা ঠাকুরের আগে একাধিক বিজেপি সাংসদ, বিধায়কের গলাতেও এই কথা শোনা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.