যৌন অপরাধীর সঙ্গে বিল গেটসের সম্পর্কের জেরেই ভাঙল বিয়ে? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Odd বাংলা ডেস্ক: সম্প্রতি বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন বিল গেটস (Bill Gates) এবং মেলিন্ডা গেটস। তবে তাঁদের সম্পর্ক নিয়ে কাটা-ছেঁড়া করতে গিয়ে এক মার্কিন দৈনিক দাবি করেছে, ২০১৯ সাল থেকেই নাকি তাঁদের সম্পর্কে ভাঙন ধররে শুরু করেছিল। কারণ সেই বছর অক্টোবরে মেলিন্ডাকে আইনজীবীর সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে। আসলে যৌন নির্যাতনে অভিযুক্ত জেফরি এপস্টেইনের সঙ্গে বিল গেটসের যোগাযোগকে কিছুতেই মেনে নিতে পারেননি মেলিন্ডা।
মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, জেফরি এপস্টেইনের বিরুদ্ধে শিশু, কিশোর পাচারের অভিযোগ রয়েছে। এই শিশু কিশোরদের নাকি যৌনদাস হিসাবে ব্যবহার করা হত। এমনকী তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের মতো মারাত্মক অভিযোগও রয়েছে। একাধিক অভিযোগে গ্রেফতার হওয়ার পর বিচারাধীন অবস্থায় ২০১৯ সালের আগস্টে জেলেই তাঁর মৃত্যু হয়। তিনি আত্মহত্যা করেন বলে জানা গিয়েছিল।কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে বিল গেটসের যোগযোগ ছিল বলে অভিযোগ।
এও শোনা যায়, বিল গেটস, জেফরির নিউ ইয়র্কের বাড়িতে একাধিকবার দেখাও করেছেন। যদিও বিল গেটসের মুখপাত্র জানিয়েছেন, জেফরির সঙ্গে বিলের যোগাযোগ কেবল আর্থিক কারণেই ছিল। তবে মেলিন্ডা নাকি ২০১৩ সাল থেকেই বিল এবং জেফরির যোগাযোগের বিষয়টি জানতেন। এনিয়ে মেলিন্ডা একদিকে যেমন অস্বস্তির মধ্যে ছিলেন তেমনই উদ্বিগ্নও ছিলেন। শেষে বিষয়টি প্রকাশ্যে এসে যায়। এরপর মেলিন্ডা বিচ্ছেদের কথা ভাবতে শুরু করেন। আইনজীবীদের সঙ্গেও এই বিষয়টি নিয়ে পরামর্শ করছিলেন।





Post a Comment