কৃষক আন্দোলনে যোগ দেওয়ার পথে 'গণধর্ষিতা' বাংলার মেয়ে, পরে মৃত্যু কোভিডে!
Odd বাংলা ডেস্ক: দিল্লির কাছে টিকরি সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল, এরপর হরিয়ানার একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ওই তরুণী। মেয়েটির বাবার দায়ের করা এফআইআরে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগের কথা। পুলিশ সূত্রে খবর, মেয়েটির বাবার অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তারা একটি বিশেষ দল গঠন করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুই অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে।
নয়া কৃষক আইনের প্রতিবাদে লাগাতার চলতে থাকা কৃষক আন্দোলনে যোগ দিতে একটি দলের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে রওনা হয়েছিলেন ২৫-এর ওই যুবতী। গত ১০ এপ্রিল টিকরির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই দলটি। গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ঝাজ্জর জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয় যুবতীকে। পুলিশের দাবি, গত ৩০ এপ্রিল মৃত্যু হয়েছে মেয়েটির। বাহাদুরগড় পুলিশের আধিকারিক বিজয় কুমার জানিয়েছেন, মেয়েটির বাবা তার পর গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় অভিযুক্ত দুই।
পুলিশ সূত্রে খবর, টিকরিতে আসার সময় দলেরই দুই ব্যক্তি ধর্ষণ করে মেয়েটিকে। তারা প্রত্যেকেই কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে আসছিলেন। গোটা ঘটনার কথা মেয়েটি ফোনে তাঁর বাবাকে জানিয়েছিলেন। পুলিশের দাবি, 'হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মেয়েটির মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে মেয়েটিকে তারা কোভিড ১৯ পজিটিভ রোগীর মতো করেই চিকিৎসা চালাচ্ছিল। হাসপাতালের কাছে সমস্ত নথি চাওয়া হয়েছে। পেলে বোঝা যাবে ঠিক কী কারণে মেয়েটির মৃত্যু হয়েছে।'





Post a Comment