এবার থেকে গাঁজা সেবন করতে পারবেন প্রাপ্তবয়স্করা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
Odd বাংলা ডেস্ক: মেক্সিকোর সুপ্রিম কোর্ট প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা সেবনের বৈধতা দিয়ে দিল। একইসঙ্গে গাঁজা সেবনের বর্তমান নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলেও ঘোষণা করা হয়। আদালতের রায়ে বলা হয়েছে, বিনোদনের জন্য প্রাপ্তবয়স্করা গাঁজা চাষ ও সেবনের অনুমতির জন্য আবেদন করতে পারবে। তবে প্রকাশ্যে ও শিশুদের সামনে ধূমপান করা যাবে না। রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আর্তুরো জালদিভার বলেছেন, স্বাধীনতাকামীদের এ এক ঐতিহাসিক দিন।
প্রসঙ্গত, গত মার্চ মাসে মেক্সিকোর নিম্ন আদালত গাঁজার বিনোদনমূলক ব্যবহারের জন্য একটি বিল অনুমোদন করে। তবে এই বিলে সিনেটের চূড়ান্ত অনুমোদন দরকার। এই আইনের ফলে ব্যবহারকারীরা ২৮ গ্রাম পর্যন্ত গাঁজা বহন করতে পারবেন। এছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়িতে আটটি গাঁজা গাছ চাষ করতে পারবেন।
এই আইনের বিষয়ে কেউ কেউ আশা করছেন, এর ফলে অবৈধ ড্রাগ বাণিজ্য নিয়ে সহিংসতা অনেকটা কমবে। দেশটিতে মাদক সহিংসতায় প্রতি বছর প্রায় হাজারখানেক মানুষের প্রাণহানি ঘটে।





Post a Comment