Odd বাংলা ডেস্ক: দলাই লামা কে—এ প্রশ্নের থেকেও উল্লেখযোগ্য হতে পারে দলাই লামা কারা? কিন্তু আমরা যারা এই সময়ের মানুষ তারা দলাই লামা নামটা শুনলেই চোখের সামনে দেখতে পাই তেনজিং গিয়াতসো-কে। বৌদ্ধ ধর্মগুরুর বেশে, চশমা-পরা, সদাহাস্যময়, শান্ত প্রকৃতির অথচ প্রবল প্রাণবন্ত একজন মানুষ যিনি অসাধারণ এক বক্তাও, বুদ্ধিদীপ্ত কথা বলতে পারেন। সেই ১৯৫৯ সাল থেকেতিনি ভারতের বাসিন্দা, যে-বছর তিনি ও তাঁর শিষ্যরা চিন অধিগৃহীত তিব্বত থেকে পালিয়ে আসতে বাধ্য হন এদেশে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুনিজেই দলাই লামার জন্য বেছে দিয়েছিলেন তাঁর এবং তাঁর সঙ্গে ভারতে আগত দলাই লামার তিব্বতি ‘উদ্বাস্তু’ শিষ্যদের থাকার জায়গা, ধর্মশালার ম্যাকলিওডগঞ্জে। তেনজিং গিয়াতসো—যা তাঁর ধর্মীয় নাম—তিনি হলেনচতুর্দশ দলাই লামা।
তিব্বতি বৌদ্ধধর্ম অনুযায়ী ‘দলাই লামা’ (অর্থ, মহাসাগরতুল্য শিক্ষক বা গুরু) এক বিশেষঅবিচ্ছেদ্য পরম্পরা, যাঁরা বিভিন্ন শরীরে জন্মগ্রহণ করছেন মাত্র। তাই চতুর্দশ দলাই লামা পূর্বজন্মে ছিলেন ত্রয়োদশ, ত্রয়োদশ ছিলেন দ্বাদশ, এইভাবে। এবং এঁরা সকলেই বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের অবতার। কিন্তু চতুর্দশ দলাই লামা কি শুধুই ধর্মগুরু, ‘বৌদ্ধধর্মের পোপ’? না, তাঁর পরিচয় সেখানেই সীমিত নয়। অন্তত তিনি তা রাখতে দেননি। তিনি তাঁর জাতির এক অনন্য নেতা, মানবাধিকার-সংগ্রামী, চিনের শাসন থেকে তিব্বতের স্বাধীনতার জন্য তিনি ছয় দশক সংগ্রাম করে চলেছেন। তাই তিনি একজন রাজনৈতিক ডিসেন্টারও, যাঁকে মাও-এর চিনে প্রিমিয়ার ঝু এনলাই বলেছিলেন ‘সাধুর বেশে এক নেকড়ে’! এবং তিনি বিশ্ববন্দিত শান্তির প্রতীক এক ব্যক্তিত্ব, যাঁকে ১৯৮৯ সালে শান্তির জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। দলাই লামার জীবন ও সংগ্রামে আমাদের কৌতূহল থেকেছে বরাবরই।
মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল: দি অটোবায়োগ্রাফি অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা শীর্ষনামে তাঁর একটি আত্মজীবনী প্রকাশিত হয়েছিল ১৯৬২ সালে। এরপর ১৯৯০ সালে প্রকাশিত হয় তাঁর আর-একটি আত্মকথন, বহুবিখ্যাত গ্রন্থ ফ্রিডম ইন এগজাইল: দি অটোবায়োগ্রাফি অফ দ্য দলাই লামা। ফ্রিডম ইন এগজাইল গ্রন্থ রচনায় দলাই লামার সহযোগী-লেখক ছিলেন আলেকজান্ডার নরম্যান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা নরম্যান সাহেব তার পর থেকে দলাই লামার লিখন-সহকারী হিসেবে আরও কয়েকটি গ্রন্থে কাজ করেছেন, কাজ করেছেন তাঁর বক্তৃতা-রচয়িতা হিসেবেও। পরম্পরা হিসেবে সকল দলাই লামার সমগ্র এক ইতিহাসও লিখেছিলেন নরম্যান, বহুপ্রশংসিত সেই গ্রন্থ ‘দ্য সিক্রেট লাইভস অফ দ্য দলাই লামা: হোল্ডার অফ দ্য হোয়াইট লোটাস’। কিন্তু অনেকদিন ধরেই তিনি যে-আরও একটি বৃহৎ গ্রন্থরচনায় ব্যাপৃত ছিলেন, সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই গ্রন্থ, চতুর্দশ দলাই লামার প্রথম পূর্ণাঙ্গ এবং প্রামাণ্য জীবনী ‘দ্য দলাই লামা: অ্যান একস্ট্রাঅর্ডিনারি লাইফ’। মানুষ এবং ধর্মগুরু দলাই লামা, রাজনৈতিক ব্যক্তিত্ব দলাই লামা, হিজ হোলিনেসের এই সকল পরিচয়ের অকপট চিত্র ধরেছেন আলেকজান্ডার নরম্যান এই জীবনীতে।





Post a Comment