'একটা সময়ে পাউরুটির জন্য হাহাকার করেছি, আজ কত লোকের মদ-মাংস জোগাচ্ছি!'
Odd বাংলা ডেস্ক: তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সম্প্রতি রাজনীতিতে যোগদান নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ প্রকাশ করেছিলেন, যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল।যার ফলে কিছুদিন ফেসবুক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
এবার আবার সোশ্যাল মিডিয়ায় বেফাঁস মন্তব্য করলেন তিনি। তিনি লিখেছেন, 'একটা সময়ে পাউরুটির জন্য হাহাকার করেছি। আজ কত লোকের মদ-মাংস জোগাচ্ছি!' এ ফের বিতর্ক শুরু হয়েছে। এ দিনের পোস্টে সংবাদ মাধ্যমকে নিয়েও লিখেছেন মনোরঞ্জন ব্যাপারী। বলাগড়ের বিধায়ক ফেসবুকে লেখেন, 'আজ আপনাদের একটা ভাল খবর শোনাব। এই যে আমি আপনাদের মনা ভাই মনা দা, একসময় আমি ১৭ পয়সা দামের একটা পাউরুটির জন্য কত হাহাকার করেছি! সেই আমি আজকাল অনেক জনের ভাত তো তুচ্ছ, মাংস মদের পর্যন্ত জোগান দিতে পারছি ভেবে পুলকিত হচ্ছি।'
সংবাদ মাধ্যমকে কটাক্ষ করে তিনি আরও লেখেন, 'আমি কেন অমানবিক উচ্চারণ করতে পারিনি, আমি কেন খৈনি খাই, আমি কেন সুখ শয্যায় না শুয়ে গামছা বিছিয়ে আমগাছের ছায়ায় শুয়ে পড়েছি, আমি কেন দামি হোটেলে না খেয়ে মা ক্যান্টিনে লাইন দিয়ে "দিম্ভাত" খাই! এ সব নিয়ে খবর করে কিছু জন আজকাল বেশ তেলে ঝোলে থাকছে। আমি ভেবে পাই না মানুষের কত সমস্যা সেগুলো কি এদের চোখে পড়ে না? পেট্রল-ডিজেলের দাম আকাশ ছুঁতে চলেছে, যার ফলে সমস্ত জিনিসের দাম বাড়ছে। প্রায় আট মাস রোদ-শীত-বৃষ্টি উপেক্ষা করে লক্ষ লক্ষ অন্নদাতা কৃষক দিল্লির রাস্তায় বসে আছে সে নিয়ে সংবাদ মাধ্যম নীরব। এরা ক্যামেরা নিয়ে ঘুরছে আমি কখন কার কাছে হাত পেতে খৈনি চেয়ে নেব, তেমন ছবি তুলবার চেষ্টায়।'
কখনও সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে, কখনও আবার দলীয় সভায় নেতার থেকে খৈনি চেয়ে খেয়ে সংবাদ শিরোনামে এসেছেন তিনি। এ বিষয়টি যে তিনি মোটেও ভালোভাবে নিচ্ছেন না, তা এ দিন বুঝিয়ে দিয়েছেন বলাগড়ের এ বিধায়ক।





Post a Comment