'করোনায় তৃতীয় ঢেউয়ের আগে কলকাতার সবাইকে টিকা দেওয়া সম্ভব নয়': ববি হাকিম
Odd বাংলা ডেস্ক: করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আসার আগে সমস্ত কলকাতাবাসীকে টিকা দেওয়া সম্ভব নয় বলে জানালেন পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। শনিবার কলকাতা পুরসভায় করোনার তৃতীয় ঢেউ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, 'কেন্দ্রীয় সরকার যদি সঠিকভাবে টিকা দিত, তাহলে কলকাতা শহরে টিকাকরণ এত দিন শেষ হয়ে যেত।'
তিনি আরও বলেন, শুধু কলকাতা নয়, 'কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে যাঁরা আসছেন, তাঁদেরও টিকা দেওয়া যেত। কলকাতা কর্পোরেশনের যে পরিকাঠামো রয়েছে, তাতে আমরা প্রতিদিন এক লাখ মানুষকে টিকা দিতে পারব। টিকা পাওয়ার ওপর নির্ভর করতে হচ্ছে আমাদের।'
তিনি আরও বলেন, 'এখনও পর্যন্ত কলকাতার ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। টিকা সঠিক পরিমাণে পাওয়া গেলে সেটা ১০০ শতাংশ হয়ে যাবে। কিন্তু চাহিদার তুলনায় টিকার জোগান অনেক কম। আমরা রোজ ৫০ হাজার মানুষকে টিকা দিতে চাই। কিন্তু গড়ে ২৫ হাজার করে টিকা দেওয়া সম্ভব হচ্ছে।'
টিকার অপ্রতুলতার জন্য কেন্দ্রীয় সরকারের টিকা সরবরাহ নীতিকেই দায়ী করেছেন তিনি। আরও জানা গিয়েছে, কলকাতা শহরের বস্তিবাসীদের মধ্যে মাত্র ২১ শতাংশের টিকাকরণ সম্ভব হয়েছে। এপ্রসঙ্গে, ফিরহাদ বলেন, বস্তির ক্ষেত্রে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে প্রথমে তাদের অনেককেই টিকা দেওয়া হয়েছে। তাছাড়া বেশির ভাগ ক্ষেত্রেই ৪৫ বছরের ঊর্ধ্বে টিকা দেওয়ার কাজ অনেকটাই এগিয়ে গেছে। এভাবেই বস্তি এলাকা অনেকটাই কভার হয়ে গেছে। পৌরসভার দল বিভিন্ন বস্তিতে গিয়ে টিকাকরণ নিয়ে সচেতনতার কথা বলে টিকা দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা টিকাকরণ চাইছি সবার জন্য। পর্যাপ্ত টিকা পেলে আমরা সবাইকে টিকা দিয়ে দেব। টিকা হাতে না পেলে কিভাবে টিকা দেব?





Post a Comment