Odd বাংলা ডেস্ক: শীতকালে যে যে খাবার মূলত পাওয়া যায়, তার মধ্যে জয়নগরের মোয়া অন্যতম বিখ্যাত। তবে শীত আসতে এখনও মাস দুয়েক বাকি। কিন্তু তার আগেই ভারতীয় ডাকবিভাগের বিশেষ খামে ছাপা হল জয়নগরের মোয়ার ছবি।
বুধবার বারুইপুর ডাকঘরে দক্ষিণ প্রেসিডেন্সি বিভাগ ও কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘অ্যাপেডা’র যৌথ উদ্যোগে এই জয়নগরের মোয়ার বিশেষ খাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ডাকবিভাগের কলকাতা অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল নীরজকুমার, পশ্চিমবঙ্গ সার্কেলের জেনারেল ম্যানেজার শিখা মাথুর কুমার-সহ অনেকেই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন বারুইপুর ডাকঘর থেকে নতুন এই জয়নগরের ছবিওয়ালা খাম বিক্রি করা হয়। জিপিও থেকেও আগামী দিনে এই খাম মিলবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ১০০ বছর আগে জন্ম হওয়া এই জয়নগরের মোয়া ২০১৫ সালে জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) পায়। কনকচূড় ধানের খই ও নলেন গুড় দিয়ে তৈরি মোয়া শীতের বঙ্গ জীবনের অঙ্গ। পাশপাশি দেশ-বিদেশেও এর কিছুটা জনপ্রিয়তা রয়েছে। আর এই মোয়ার জনপ্রিয়তা খাম প্রকাশের পরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও বাড়বে বলে মনে করছেন ডাকবিভাগের কর্তারা। আর এই খামের সঙ্গে জায়গা করে নিয়েছে জয়নগর মোয়া নির্মাণকারী সোসাইটির নামও। এই বিষয়ে নীরজ কুমার বলেন, ‘জয়নগরের মোয়ার জাতীয় ও আন্তর্জাতিক পরিচিতির জন্য এই বিশেষ খাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আগামী দিনে মোয়ার রপ্তানিতেও ডাকবিভাগ সাহায্য করবে।’
এর আগে গঙ্গাসাগর মেলার খামও প্রকাশ করা হয়েছিল ডাকবিভাগের তরফে। দক্ষিণ প্রেসিডেন্সি বিভাগ সূত্রে খবর, বিশেষ কোনও বিষয়কে স্মরণীয় করে রাখতেই এই ধরনের খাম প্রকাশ করা হয়। আর এবার বাংলার ঐতিহ্যশালী জয়নগরের মোয়া-কে স্মরণ করে রাখতেই এই উদ্যোগ নিল ডাকবিভাগ।





Post a Comment