নরেন্দ্র মোদীর জন্মদিনে টিকাকরণে বিশ্ব রেকর্ড গড়ল ভারত
Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে দেশকে করোনামুক্ত করতে রেকর্ড পরিমাণ টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। সেই লক্ষ্যমাত্রা পূরণও হয়েছে বলে জানা গিয়েছে। ১৭ সেপ্টেম্বর টিকা পেয়েছেন দেশের ২ কোটি ৫০ লাখ ১৬৬ নাগরিক, একদিনে আড়াই কোটি দেশবাসীকে টিকা দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে ভারত।
শুক্রবার রাত ৯টা ৪৭ মিনিটে একটি টুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি জানান, সেই সময় পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ২ কোটি ২৫ লাখ দেশবাসী। তিনি একটি টুইটে বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে দেশ এক কোটি টিকাকরণের লক্ষ্য ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। আমরা দ্রুত টিকা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি।' তিনি এই টুইটে আরও লেখেন, 'আমি নিশ্চিত যে আজ আমরা দেশে টিকাকরণের নতুন রেকর্ড তৈরি করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তা জন্মদিনে উপহার হিসাবে দেব।'
এদিকে, টিকা দান নিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও। তিনি লেখেন, 'আজকের রেকর্ড টিকাকরণে সমস্ত ভারতীয়রা গর্বিত হবেন। আমি আমাদের চিকিৎসক, নার্স, সহায়ক, স্বাস্থ্যকর্মী, প্রথমসারির যোদ্ধাদের ধন্যবাদ জানাই। তাঁদের জন্যই টিকাকরণ কর্মসূচি সফল হয়েছে। '





Post a Comment