স্কুল খোলার ১ মাসের মধ্যেই করোনা আক্রান্ত ৫৫৬, বাড়ছে আতঙ্ক!
ODD বাংলা ডেস্ক: গত ২৭ অক্টোবর খুলেছে হিমাচল প্রদেশের স্কুলগুলি। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসার অনুমতি প্রদান করা হয়েছে। কিন্তু, এর মাঝেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা সংক্রমণ। স্কুল খোলার পর থেকে বিগত এক মাসে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ৫৫৬ জন পড়ুয়া ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিক।
পড়ুয়াদের করোনা আক্রান্তের নিরিখে সব চেয়ে এগিয়ে হমিরপুর জেলা। এখানে মোট ১৯৬ জন পড়ুয়া ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে করোনায়। এর পরেই রয়েছে কাঙরা। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭৩। এছাড়াও উনাতে আক্রান্ত হয়েছে ১০৪, মান্ডিতে ২৬, সিমলায় ২২, কিন্নরে ১৪, কুলুতে আট জন , বিলাসপুরে ৭ জন, সোলানে ৪জন ও চম্বা এবং লাহুল-স্পিতি জেলায় ১জন করে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
৫৫৬ জন আক্রান্ত পড়ুয়াদের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩০৫ জন পড়ুয়া। বাকি ২৫০ জন পড়ুয়া এখনও এই ভাইরাসে ভুগছে বলে জানান সেই আধিকারিক। হিমাচল প্রদেশের স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ১,৪১৫। ফলে দেখা যাচ্ছে ছয় জন রুগির মধ্যে একজন পড়ুয়া রয়েছে।
ইতিমধ্যে, হামিরপুরে করোনায় এক ১৩ বছরের ছাত্রী মারাও গেছে বলে জানান তিনি। এই বিয়ে বাড়ি থেকে ফেরার পর গলার ইনফেকশনে ভুগতে শুরু করে এই ছাত্রী। করোনা টেস্ট করা হলে সেই রিপোর্ট পজিটিভ আসে তার। পরবর্তীকালে মৃত্যু হয় সেই ছাত্রীর।





Post a Comment