বাড়ি থেকে নারীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা!
ODD বাংলা ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় ৩৯ বছর বয়সী এক গৃহবধূকে হালকায়ে জিকিরের আসর থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ৪৫ বছর বয়সী হরলিক্স নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে ওই গৃহবধূকে ধর্ষণ চেষ্টা করা হয়। পরে সোমবার রাতে ধুনট থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার পর রাতেই অভিযান চালিয়ে উপজেলার জোড়শিমুল গ্রাম থেকে হরলিক্সকে গ্রেফতার করা হয়। হরলিক্স ওই গ্রামের তবু মিয়ার ছেলে। হরলিক্সের নিজ বাড়িতেই ওই নারীকে ধর্ষণ চেষ্টা করা হয়।
জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। রোববার রাতে প্রতিবেশীর বাড়িতে হালকায়ে জিকির অনুষ্ঠানে যোগ দেন ওই নারী। ওই সময় হরলিক্স হালকায়ে জিকিরের আসর থেকে ওই নারীর মুখ ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে তুলে নিয়ে যান। হরলিক্স ওই নারীকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন। এ সময় তার (নারী) চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।
প্রায় দুই বছর আগে ওই নারীর কাছ থেকে হরলিক্স তিন লাখ টাকা ধার নেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে ৮০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা ফেরত দিতে তালবাহানা শুরু করেন হরলিক্স। ফলে ভুক্তভোগী নারী হরলিক্সকে টাকার জন্য চাপ প্রয়োগ করা শুরু করেন। কিন্তু হরলিক্স উল্টো ওই নারীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন।
জানতে চাইলে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, হরলিক্সকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেন হরলিক্স।





Post a Comment