কোন সময়ে প্রোটিন খেলে উপকার পাওয়া যাবে?

 


ODD বাংলা ডেস্ক:  প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রোটিন। শরীর ভালো রাখার পাশাপাশি শরীরের কোষ ও টিস্যুর গঠনে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে একটি নির্দিষ্ট সময় মেনে প্রোটিন খেলে এর উপকারিতা বেশি পাওয়া যায়। প্রতিদিন একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের ওজনপ্রতি ১ গ্রাম করে প্রোটিন খাওয়া উচিত। ডায়াবেটিস রোগী থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণ সব ক্ষেত্রে প্রোটিন খাওয়ার আলাদা সময় রয়েছে।


ওজন নিয়ন্ত্রণের জন্য

প্রোটিন খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। ফলে অনেকক্ষণ নতুন করে খাওয়ার ইচ্ছা তৈরি হয় না। কাজেই ওজন নিয়ন্ত্রণের ডায়েটে প্রোটিন থাকেই। সে ক্ষেত্রে সকালে প্রোটিন খাওয়ার চেষ্টা করুন। এটি সারা দিনের জন্য শরীরের বিপাকীয় হার বাড়াবে। আবার রাতে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে প্রোটিন খান।


পেশি তৈরি ও শক্তি বাড়ানোর জন্য

যারা শরীরচর্চার মাধ্যমে যারা পেশি তৈরি ও পেশিশক্তি বাড়াতে চান তাদের ডায়েটে প্রোটিন রাখা জরুরি। কারণ মূলত প্রোটিন দিয়েই পেশি তৈরি হয়। এ ক্ষেত্রে সকালে শরীরচর্চা করার আগে অল্প প্রোটিন খান, আবার শরীরচর্চা করার আধঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে প্রোটিন খান। রাতে শুতে যাওয়ার আগেও ডায়েটে প্রোটিন রাখুন।


ডায়াবেটিসের জন্য

ডায়েটে পর্যাপ্ত প্রোটিন থাকলে তা ডায়াবেটিসের আশঙ্কা কমে। যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের সব সময়ে সুষম খাবার খাওয়া জরুরি। প্রোটিনও সেই সুষম খাবারেরই অংশ। সারা দিনের খাবারে অল্প অল্প করে হলেও প্রোটিন রাখুন। এতে অতিরিক্ত খাওয়ার ইচ্ছাও কমবে। সেই সঙ্গে ইনস্যুলিনের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে।


গর্ভবতী নারীদের জন্য

গর্ভাবস্থায় ডায়েটে প্রোটিন রাখা খুব দরকার। কারণ মা ও শিশুর স্বাস্থ্য ভালো রাখা ও সন্তানের টিস্যুর গঠন ঠিকমতো হওয়ার পেছনে প্রোটিনের ভূমিকা রয়েছে। তাই সারা দিনে যতবার খাবেন, তার সঙ্গে একটু একটু করে প্রোটিন খান। এতে শরীরে পর্যাপ্ত প্রোটিনও পৌঁছাবে।


ভালো ঘুমের জন্য

রাতে ঠিকমতো ঘুম হয় না? রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রোটিন খান। গবেষণা বলছে, প্রোটিন খাওয়ার সঙ্গে ভালো ঘুমের সম্পর্ক রয়েছে। রাতের খাবারে কার্বোহাইড্রেটের সঙ্গে অল্প প্রোটিনও খান, তা হলেই সমস্যা কমবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.