বউ পেতে অদ্ভুত সাজ ধরে এই নৃগোষ্ঠীর ছেলেরা
ODD বাংলা ডেস্ক: সাধারণত ছেলেদের কাছে নিজেদের আকর্ষণীয় করে তুলতে মেয়েরা হরেক রকমের রূপচর্চায় সিদ্ধহস্ত। সমাজ, সংস্কৃতি, ব্যক্তি পছন্দ ভেদে সাজের ধরনও অসংখ্য রকমের হয়ে থাকে। তবে এর ব্যতিক্রম উদাহরণও আছে। যেখানে বিবাহযোগ্য মেয়েদের আকৃষ্ট করতে অবিবাহিত ছেলেরা নিজেদের বাহারি সাজে সাজায়। এমনই রীতি পালিত হয় নাইজেরিয়ার ওয়াডাবা উপজাতি সংস্কৃতিতে।
ওয়াডাবা নৃগোষ্ঠীর লোকেরা মোম্বোরো বা বোরোরো নামেও পরিচিত। তারা ফুলানি নৃগোষ্ঠীর একটি ছোট উপ-গোষ্ঠী। ওয়াডাবারা ঐতিহ্যগতভাবে যাযাবর পশুপালক ও ব্যবসায়ী। উত্তর নাইজেরিয়া, উত্তর-পূর্ব ক্যামেরুন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিম অঞ্চল এবং কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলে তাদের বসবাস। ২০০১ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী, ওয়াডাবা নৃগোষ্ঠীর জনসংখ্যা প্রায় এক লাখ। তারা বিস্তৃত পোশাক ও সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ পরিচিত।
এই ওয়াডাবা নৃগোষ্ঠীর লোকেরা গেরুওল নামের একটি উৎসব পালন করে। এ উৎসবে অবিবাহিত ওয়াডাবা পুরুষেরা মেকআপ, পালক ও অন্যান্য শোভাবর্ধক উপকরণ ব্যবহার করে সাজে। এরপর বিবাহযোগ্য নারীদেরকে মুগ্ধ করার জন্য নৃত্য ও গান পরিবেশন করে। সাধারণত, যাযাবর এই গোষ্ঠীর লোকেরা সেপ্টেম্বরে বর্ষা শেষে শুকনো মৌসুমে স্থানান্তর করে থাকে। ঐতিহ্যগতভাবে প্রতি বছর স্থানান্তরের আগে এ গেরুওল উত্সব পালিত হয়।
নিজেদের নারীদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিবাহযোগ্য পুরুষরা মুখে বাহারি আলপনা আঁকে। তারা হলুদ, লালা ও অন্যান্য রঙের কাদামাটি ব্যবহার করে মুখের আলপনা আঁকে। ঠোঁটে কালো রঙ ব্যবহার করে থাকে তারা। চোখও সাজায় ওয়াডাবা পুরুষরা। এরপর মাথায় ও শরীরে বিশেষ ধরনের উৎসবের পোশাক পরে। মাথায় পাগড়ির মতো দেখতে পোশাকে পালক যুক্ত করে নিজেদের সৌন্দর্য বাড়ায় ওয়াডাবা পুরুষরা। তারা নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্য মুখ, চোখ, দাঁত ও পোশাকের উপর বিশেষ গুরুত্ব জোর দেয়।
ছেলেদের সাজ শেষ হলে মূল উৎসবে যোগ দেয়। এটি মূলত গান ও নৃত্য অনুষ্ঠান। এ ইভেন্টটিকে ইয়াকে বলা হয়। গান, নৃত্য ও অন্যান্য অনুষ্ঠানসহ গেরুওল উত্সব চলে প্রায় সপ্তাহব্যাপী। গেরুওল উত্সব এক প্রকার প্রতিযোগিতায়ও বটে। এখানে নিজেকে যোগ্য প্রমাণ করেই সঙ্গীর মন জিতে নিতে হয়। ছেলেরা গান ও নৃত্য অনুষ্ঠানে এক লাইনে দাঁড়িয়ে বিবাহযোগ্য যুবতী নারীদের মুখোমুখি হয়।
কখনো কখনো সাতদিন ধরে মরুভূমির রোদে কয়েক ঘণ্টা অবধি এ গান ও নৃত্য অনুষ্ঠান চলে। এ অনুষ্ঠানে পুরুষদের আগ্রহ, স্পৃহা ও আকর্ষণীয়তা পরোখ করে মেয়েরা। গান ও নৃত্য প্রদর্শনীর সময় পুরুষরা প্রায়শই তাদের চোখ ঘোরায় ও দাঁত দেখায়। এরপর পুরুষদের সৌন্দর্য বিচার করে নিজের জন্য পাত্র ঠিক করে ওয়াডাবা নৃগোষ্ঠীর যুবতী নারীরা।





Post a Comment