৮৫ হাজার টাকার চিপসে নিজেকে ঢেকে রাখছেন ব্যক্তি, চারপাশে ক্ষুধার্ত পাখি
ODD বাংলা ডেস্ক: আজকাল ভাইরাল হওয়ার জন্য অনেকেই অনেক ধরনের পাবলিসিটি স্টান্ট করে থাকে। যা কারও চোখে ভালো হয় আবার কারও চোখে খারাপ। আগে সিনেমার বিভিন্ন দৃশ্যে এই ধরনের স্টান্ট দেখা গেলেও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় হওয়ার দরুণ প্রায়ই এসব দেখা যায়। আর এবার এমনই এক অদ্ভুত স্টান্ট করে শিরোনামে উঠে এলেন অস্ট্রেলিয়ার দুই প্র্যাঙ্কস্টার।
মার্টি এবং মিশেল। মার্টি অ্যান্ড মিশেল নামে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রয়েছে তাদের। বিভিন্ন এক্সপেরিমেন্ট, স্টান্ট, প্র্যাঙ্ক ভিডিও তারা করে থাকেন। তবে সম্প্রতি সারফারস প্যারাডাইস বিচে যেটা করলেন, তা দেখে অনেকেই অবাক। কেন করলেন, কী পেলেন সেই প্রশ্ন অনেক দূরের কথা। যা করলেন, তা শুনে অবাক হতে পারেন যে কেউ।
কিছু দিন আগে এই দুই প্র্যাঙ্কস্টারের একজন হঠাৎই সারফারস প্যারাডাইস বিচে বালি খুঁড়ে নিজের পুরো শরীর মাটির তলায় ঢুকিয়ে ফেলেন। মাথাটুকু শুধু সমতলের উপরে বের করে রাখেন। তার পর মাথা থেকে গলা পর্যন্ত চিপসে ভরিয়ে দেন। এক ঝলক দেখলে মনে হবে চিপসের পাহাড়। তবে ভালো করে দেখলে বোঝা যাবে সেখানে একজনের মুখও রয়েছে।
কেন এমন কাজ? উত্তরে জানা যায়, এই সম্পূর্ণ কাজটাই তারা করেন সিগালদের আকর্ষণ করার জন্য। সিগালদের খাওয়ানোর জন্য। আর সিগালরাও জমিয়ে খাওয়াদাওয়া সারে এই প্র্যাঙ্কস্টারের মাথায়, মুখে, গা থেকে চিপস নিয়ে। প্রায় ৮৫ হাজার টাকার চিপস খরচ করেন তারা এই ভিডিওটি বানানোর জন্য। যার নাম তারা দেন সায়েন্স এক্সপেরিমেন্ট। যদিও এখানে সায়েন্স কী ছিল, তা ধরতে পারেননি বেশিরভাগ মানুষই।
নেটিজেনদের একাংশ এই ভিডিওটি হাসির ছলে নিলেও অনেকেই এই ভিডিওটি পছন্দ করেননি। একটি ভিডিও বানানোর জন্য এবং সিগালদের খাওয়ানোর জন্য এত টাকা খরচ করার বিষয়টি অনেকেই ভালো ভাবে নেননি। কারও মতে, এই টাকা দিয়ে গরিবদের খাওয়ালে ভালো হত, কারও মনে হয়েছে আবার এই চিপস এভাবে নষ্ট না করে যারা খেতে পান না তাদের দিলে ভালো হত।





Post a Comment