চোখ মেলে তাকিয়ে বাড়ি নিজেই যেন অতন্দ্র প্রহরী!
ODD বাংলা ডেস্ক: কথায় আছে, দেয়ালেরও কান আছে। গোপন কথা অন্য কারো শোনার সম্ভাবনা অর্থে এ কথা প্রায়ই ব্যবহৃত হয়। তবে কোনো বাড়ির চোখ আছে এমন তথ্য জানলে হয়তো সবাই অবাক হবেন। কোনো গল্প কিংবা কল্প কাহিনি নয় বাস্তবেই আছে বাড়ির চোখ। রোদ-বৃষ্টি, শীত-গ্রীষ্ম রাত-দিন সব সময় বাড়িগুলো চোখ মেলে থাকে। চোখ মেলে তাকিয়ে বাড়িগুলো যেন নিজেই অতন্দ্র প্রহরী।
রোমানিয়ার ঐতিহাসিক অঞ্চল ট্রানসিলভেনিয়ায় অবস্থিত সিবিউ কাউন্টি। সেখানেই দেখা যায় চোখ ওয়ালা বাড়ি। চোখ মূলত একটি প্রতীক, যা শহরের একটি পর্যটন আকর্ষণ। বাড়ির এমন অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য সিবিউকে চোখের শহর বলেও অভিহিত করা হয়েছে বিভিন্ন লেখায়। চোখ ছাড়াও বাড়ি গুলোর জানালাও বিশেষ আকৃতিতে তৈরি হয় শহরে।
সিবিউ এর বাড়িগুলোর চোখ সাধারণত ছাদে তৈরি করা হয়। চোখগুলোর বিভিন্ন আকৃতি হয়ে থাকে। এগুলোর অধিকাংশই ট্র্যাপিজয়েড আকৃতির হয়। তবে গোলাকার কিংবা লম্বা আকারের চোখ ওয়ালা বাড়িও দেখা যায়। রোমানীয় ভাষায় এদেরকে বলা হয় ‘ওচি সিবিউলুই’।
বাড়ির এমন নকশাও সিবিউতে কয়েকশ বছরের পুরোনো। সেখানে চোখ ওয়ালা বাড়ি নির্মাণ শুরু হয়েছিল ১৫ শতকের প্রথম দিকে। তবে ১৯ শতকে এসে সিবিউসহ আশপাশের অঞ্চলে এর প্রচলন বৃদ্ধি পায়। ধারণা করা হয়, সিবিউ এর স্থানীয়রাই এই অদ্ভুত নকশা উদ্ভাবন করেছিল। কারণ সিবিউ শহর ও এর আশেপাশে চোখ ওয়ালা বাড়ির বিস্তৃত।
চোখ ওয়ালা বাড়ি নির্মাণ কী কারণে শুরু হয়েছিল তার সঠিক উত্তর পাওয়া যায় না। এ বিষয়ে এমন কিংবদন্তি প্রচলিত আছে যে, চোখ মানুষকে ভয় দেখানোর জন্য তৈরি করা হয়েছিল। সিবিউ এর বাসিন্দাদের বিশ্বাস ছিল যে, বাড়ির চোখ মানুষের দেখছে ভেবে ভয় পাবে। তবে বায়ুচলাচল ব্যবস্থা হিসেবে এমন চোখের নকশাযুক্ত বাড়ি নির্মাণ শুরু হয়েছিল বলে বেশিরভাগ মতামত পাওয়া যায়। এ যেন চোখের নিশ্বাসে বাড়ি প্রাণবন্ত হয়ে ওঠা। বর্তমানে বাড়ির চোখগুলো সিবিউ শহরের অন্যতম বিখ্যাত প্রতীক হয়ে উঠেছে, যা পর্যটকদের আকর্ষণ করে।
সিবিউ শহর চোখ ওয়ালা বাড়ি ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বেশ পরিচিত। ২০০৭ সালে ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী নির্বাচিত হয়েছিল সিবিউ।





Post a Comment