ত্বকের যত্নে ভরসা রাখুন ডিমের খোসায়
ODD বাংলা ডেস্ক: অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ঠিক তেমনি অতিরিক্ত মেকআপ করাও ত্বকের পক্ষে ক্ষতিকর। তাছাড়া একটানা ত্বকের উপর এত অত্যাচার চালিয়ে গেলে ত্বকও হাঁপিয়ে যায়। ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যায় ত্বকে। সেই ক্লান্তি দূর করতে ভরসা রাখুন ঘরোয়া ফেসপ্যাকে। ডিমের খোসা ফেলে না দিয়ে জমিয়ে রাখুন সেই জাদুকরী ফেসপ্যাকটি বানাতে।
শুনতে অবাক লাগলেও, কথাটা সত্যি। ডিমের খোসা গুঁড়া করে যদি ফেসপ্যাক বানান, তাহলে ত্বক টানটান হবে, ত্বকের ছিদ্রগুলো বন্ধ হবে এবং কালো দাগ-ছোপও হালকা হয়ে যেতে পারে নিয়মিত ব্যবহার করলে। ত্বকের বলিরেখা দূর করতেও সাহায্য করে। চলুন তবে জেনে নেয়া যাক কী করে বানাবেন এই ফেসপ্যাক-
যা যা লাগবে
ডিমের খোসার টুকরো, ডিমের সাদা অংশ, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ দুধ, গোলাপ জল, তুলা।
পদ্ধতি
প্রথমে একটি ডিম ভেঙে সাদা অংশটি আলাদা করে নিন। তার পরে হামান দিস্তা দিয়ে ডিমের খোসা গুঁড়িয়ে নিন। তার মধ্যে ২-৩ ফোঁটা গোলাপ জল মিশিয়ে গুঁড়াটা গুলে নিন। তার পরে ডিমের সাদা অংশটি ভালো করে ফেটিয়ে ফুলিয়ে নিন। সাদা তুলতুলে ফোলা ফোলা হওয়া পর্যন্ত ফেটাতে হবে। তার পরে ডিমের খোসার গুঁড়োটা এর মধ্যে ফেটিয়ে নিন। ডিমের গুঁড়ার পেস্টের মধ্যে মিশিয়ে নিন। এর পরে মধু এবং কিছু দুধের ফোঁটা মিশিয়ে একটি গাঢ় পেস্ট বানিয়ে নিন। খুব জলজলে হলে মুখে বসবে না। যদি গাঢ় না হয় তাহলে এক চামচ বেসন মিশিয়ে নিতে পারেন। ফেসপ্যাক লাগানোর আগে ফ্রিজে এক ঘণ্টা অন্তত রেখে দিন।
কীভাবে ফেসপ্যাকটি ব্যবহার করবেন
প্রথমে একটি স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। পারলে বরফ জলে মুখ ধোবেন। তারপর ফ্রিজ থেকে প্যাকটি বের করে সামান্য গুলে নিয়ে মুখ লাগান। শুকিয়ে গেলে প্রথমে ভেজা আঙুল দিয়ে ম্যাসাজ করে প্যাকটি তুলুন। তার পরে জল দিয়ে ধুয়ে, নরম কাপড়ে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।





Post a Comment