খাস কলকাতায় গড়ে উঠল দুবাইয়ের বুর্জ খলিফা, তাক লাগালো শ্রীভূমি স্পোর্টিং


Odd বাংলা ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গাপুজো। আর বর্তমান সময়ে দুর্গাপুজো মানেই কিন্তু থিমের রমরমা। করোনা আবহে অনেক পুজো কমিটি নিজেদের বাজেটে কাটছাঁট করলেও, কলকাতা শহরের তথাকথিত বিগ বাজেট পুজোগুলি কিন্তু এবারও চমকে দিচ্ছে। এর মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো।

লেক টাউন এলাকায় গড়ে উঠেছে দুবাইয়ের বুর্জ খলিফা।সৌজন্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তাদের এবারের থিম হল বুর্জ খলিফা। প্যান্ডেলের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

১৪৫ফুট লম্বা বুর্জ খলিফা প্যান্ডেলে রয়েছে বিশেষ আলোকসজ্জা, যা রাতের বেলায় দেখতে লাগছে অসাধারণ। ২৫০জন শ্রমিক মিলে গত দুই মাস ধরে প্যান্ডেলটি তৈরি করেছেন।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বসু বলেন, "প্রতিবছর আমরা মূর্তিমান ভবনের প্রতিরূপ আকারে প্যান্ডেল তৈরি করি। এর আগে আমরা প্যারিস অপেরা, কেদারনাথ এবং পুরী মন্দিরের থিমের উপর কাজ করেছি।''

প্রসঙ্গত, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতিবছর দুর্গাপুজোর সময় বেশ কিছু সামাজিক কাজ করে থাকে, এ প্রসঙ্গে সুজিত বসু বলেন, "আমরা সবসময় এই উদযাপনের সময় সামাজিক কাজ করি। আমরা এই বছর প্রায় ২ হাজার মানুষের জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছি।"তিনি আরও বলেন এই পুজো কমিটি পশ্চিমবঙ্গ সরকারের কোভিড নির্দেশিকা কঠোরভাবে মেনে চলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.