খেলা দেখবেন বলে ছেলের বিয়েতেই এলেন না বাবা-মা!
ODD বাংলা ডেস্ক: খেলা দেখার নেশা অনেকেরই থাকে। কিন্তু সন্তানের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার চেয়ে খেলা দেখাকে বেশি প্রাধান্য দেয়ার ঘটনা সাধারনত দেখা যায় না। তবে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে যা বিস্মিত করেছে সকলকে।
ইন্টারনেটে আলোচনার প্ল্যাটফর্ম রেডিটে এক যুবতী শেয়ার করেছেন এই ঘটনার কথা। তার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ওই যুবতী কনের বোন। তার দাবি, খেলা দেখার জন্য তার বোনের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি পাত্রের বাবা-মা।
তিনি রেডিটে লিখেন, ‘সপ্তাহ দুয়েক আগে আমার বোনের বিয়ে ছিল। অনেক আগেই ঠিক হয়েছিল সেই বিয়ে। কিন্তু আগে থেকেই বরের বাবা-মা জানিয়ে রেখেছিলেন তারা বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। কারণ বিয়ের সময় চলবে একটি প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা দেখার জন্যই থাকতে পারবেন না তারা। দু’সপ্তাহ ধরে চলা প্রতিযোগিতার জন্য নিজের ছেলের বিয়ের দিন আসেননি তারা।’
ওই যুবতী আরও জানিয়েছেন, বিয়েতে ফুলের ব্যবস্থাপনা করার কথা ছিল বরের মা-বাবার। কিন্তু তারা উপস্থিত থাকবেন না বলে সেই দায়িত্বও নেননি।
ওই পোস্ট নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। খেলা দেখার জন্য ছেলের বিয়েতে না থাকায় বরের বাবা-মাকে কাঠগড়ায় তুলেছেন অনেকে। তবে কোথায় এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।





Post a Comment