গবেষণা: সন্দেহপ্রবণ মানসিকতা কমিয়ে দেয় আয়ু
ODD বাংলা ডেস্ক: সন্দেহ খুব বিপজ্জনক একটি মানসিক ক্রিয়া। সন্দেহপ্রবণ মানসিকতা বেশিরভাগ দাম্পত্য জীবনই ধ্বংস করে দেয়। অহেতুক সন্দেহপ্রবণ মানসিকতা যেকোনো সম্পর্কের বিশ্বাসের ভিত দুর্বল করে দেয়। যদিও সন্দেহ মানুষের পর্যবেক্ষণ শক্তিকে ধারালো করতে সাহায্য করে। তবে সবক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাই বলা চলে, সব কিছুর মতোই সন্দেহ করারও ভালো এবং মন্দ- দুই দিকই আছে।
তবে অতিরিক্ত সন্দেহপ্রবণতা একটি মানসিক সমস্যা হিসেবে বলে থাকেন মনোরোগ বিশেষজ্ঞরা। অনেকেই কারণে অকারণে নানা বিষয় নিয়ে সন্দেহপ্রবণ হয়ে থাকেন। আর এই সন্দেহ প্রবণতা যে শুধু মনের উপরেই প্রভাব ফেলে তা নয়। শরীরের উপরেও এর প্রভাব আছে। সন্দেহ বাতিকের কারণে কমে যেতে পারে আয়ু। বিভিন্ন গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।
সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণায় এমনই দেখিয়েছেন। দেশটির প্রায় ২৪ হাজার মানুষের উপর একটি সমীক্ষা চালিয়ে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। যারা অতিরিক্ত মাত্রায় সন্দেহ প্রবণ তাদের হৃদরোগের আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশি থাকে। আর সেটাই তাদের আয়ু কমিয়ে দেয়।
এই সমীক্ষা থেকে উঠে এসেছে আরো কয়েকটি বিষয়। বয়স বাড়তে থাকলে বেশির ভাগ মানুষের সন্দেহের প্রবণতা একটু একটু করে কমতে থাকে। কম বয়সীদের মধ্যে সন্দেহ প্রবণতার পরিমাণ অনেকটাই বেশি।
স্টকহোম ইউনিভার্সিটির গবেষকদের মতে, মানসিকতার ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে, উদার চিন্তা-ভাবনার সাহায্যে সুন্দর জীবন ও দীর্ঘায়ুর অধিকারী হতে পারেন যেকোনো ব্যক্তি।





Post a Comment