হায়দরাবাদকে ১৪১ রানেই থামালো ব্যাঙ্গালুরু
Oddবাংলা ডেস্ক: বিদায় নিশ্চিত হয়ে গেছে, সানরাইজার্স হায়দরাবাদের জন্য এখন ম্যাচগুলো কেবলই আনুষ্ঠানিকতা। তবে শেষের দিকে এসেও কিছু করে দেখানোর তাড়নাটা দেখা যাচ্ছে না কেন উইলিয়ামসনের দলের।
আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে আজ (বুধবার) ৭ উইকেটে ১৪১ রানেই আটকে গেছে হায়দরাবাদ। সেরা দুইয়ে থেকে গ্রুপপর্ব শেষ করার লক্ষ্যে হাঁটতে বিরাট কোহলিদের জন্য এই ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। জিততে হলে তাদের করতে হবে ১৪২ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মাকে (১০ বলে ১৩) হারালেও একটা সময় বেশ ভালো অবস্থানে ছিল হায়দরাবাদ। ১ উইকেটেই ছিল ৮৪ রান। কেন উইলিয়ামসন আর জেসন রয় দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭০।
তবে ২৯ বলে ৩১ করে উইলিয়ামসন ফেরার পরই রানের গতি কমে যায় হায়দরাবাদের। মেরে খেলছিলেন জেসন রয়। কিন্তু ১৫তম ওভারের শেষ বলে তিনিও আউট হলে (৩৮ বলে ৪৪) মুখ থুবড়ে পড়ে হায়দরাবাদ। শেষ ৫ ওভারে মাত্র ৩৪ রান যোগ করতে পারে তারা, হারায় ৩ উইকেট।
ব্যাঙ্গালুরু বোলারদের মধ্যে সবচেয়ে সফল হর্ষল প্যাটেল। ৪ ওভারে ৩৩ রান খরচ করলেও ৩টি উইকেট তুলে নেন এই পেসার।





Post a Comment