আড়াই কোটি বছর আগে পৃথিবীতে ছিল লম্বা গলার গন্ডার!
ODD বাংলা ডেস্ক: সম্প্রতি এমনই দাবি চীনের একদল গবেষকের। তারা গন্ডারের এমন ফসিল খুঁজে পেয়েছেন, যেটির উচ্চতা জিরাফের চেয়ে বেশি! এটি শুনে যে কেউ একটু চোখমুখ কুঁচকে ফেলবেন। তবে এটি বর্তমান যুগের নয়। আড়াই কোটি বছর আগের গন্ডারের রূপ ছিল এমনই। কালের বিবর্তনে অনেক কিছুই পরইবর্তন হয়েছে। বিজ্ঞানীদের দাবি, বিশ্বের অন্যতম বৃহৎ প্রাণী ডাইনোসর টিকে আছে টিকটিকি হয়ে। কুমিরও হাঁটত দুই পায়ে।
তবে এবারের পাওয়া গন্ডারের ফসিল বিশেষজ্ঞদের খানিকটা ভাবিয়ে তুলেছিল। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে খুঁজে পাওয়া গেছে গন্ডারের এই ফসিল। এটি বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, এটি প্যারাসেরাথেরিয়াম লিংজিয়ানসের ফসিল।
আড়াই কোটি বছরের বেশি সময় আগে এই প্রাণী ভারতীয় উপমহাদেশ ও চীনজুড়ে ঘুরে বেড়াত। এর ওজন ২১ টন, যা চারটি আফ্রিকান হাতির সমান। এখনকার গন্ডারের মতো এর নাকের ওপর শিং ছিল না। উচ্চতায় এরা বিশাল, প্রায় ২৩ ফুট! এদের গলাই ছিল ৭ ফুট দীর্ঘ! জিরাফের চেয়েও লম্বা।
২০১৫ সালে চীনের গানসু প্রদেশের ওয়াংজিয়াচুয়ান গ্রামের পাশে বিশাল এই ফসিলের সন্ধান মিলেছিল। এত দিন এটি নিয়ে গবেষণা চলেছে। গত সপ্তাহে কমিউনিকেশনস বায়োলজি জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। সন্ধান পাওয়া ফসিলটির মাথার খুলি ও চোয়াল বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, এটির মাথা বেশ সরু ও লম্বাটে ছিল। এই গবেষণা স্তন্যপায়ী প্রাণী নিয়ে নতুন করে ভাবাবে বিজ্ঞানীদের।
বেইজিংয়ের ইনস্টিটিউট অব ভার্টেব্রেট প্যালিওনটোলজি অ্যান্ড প্যালিওনথ্রোপলজির গবেষক ড. দেং তাও জানান, নতুন শনাক্ত হওয়া স্তন্যপায়ী প্রাণীর ফসিলটির সঙ্গে প্রাচীনকালে পাকিস্তানে বসবাস করা প্রকাণ্ড আকারের গন্ডারের মিল রয়েছে।





Post a Comment