উত্তরাখণ্ডে ভয়াবহ বিপর্যয়, প্রাণ হারালেন ৫ বাঙালি পর্যটক, নিখোঁজ আরও ৪


ODD বাংলা ডেস্ক: 
উত্তরখণ্ডের ভয়াবহ ধস আর প্রবল বৃষ্টিতে প্রাণ হারালেন এ রাজ্যের পাঁচ বাসিন্দা। নয় জনের একটি দল ট্রেকিংয়ের জন্য উত্তরাখণ্ডে গিয়েছিলেন। তাঁদের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে। এখনও ৪জন নিখোঁজ বলে জানা গিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে। যদিও মৃতদের দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত আরও ১৫০ জন আটকে রয়েছেন বলেও খবর।

জানা গিয়েছে, ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের হরশিল থেকে হিমাচলের ছিটকুলের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেকারদের একটি দল। পর্যটকদের মধ্যে ছিলেন সাতজন বাঙালি। মিঠুন দারি (৩১), তন্ময় তিওয়ারি (৩০), বিকাশ মাকাল (৩৩), সৌরভ ঘোষ (৩৪), এস দাস (২৮), রিচার্ড মণ্ডল (৩০) এবং সুখেন মাঝি (৪৩)। অনিতা রাওয়াত (৩৮) নামে একজন দিল্লি নিবাসী মহিলাও ছিলেন পর্যটকদের ওই দলে। ১৭ অক্টোবর আবহাওয়া খারাপ হওয়ার পর থেকে আর তাঁদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি তাঁদের বাড়ির লোক। উত্তরাখণ্ড বিপর্যয় মোকাবিলা দলের তরফে জানানো হয়েছে, পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি।

উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে দাবি, প্রতিকূল আবহাওয়ার জেরে নিখোঁজদের হদিশ পেতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। অধিকাংশ অঞ্চলে এখনও উদ্ধারকারীদের পাঠানোই সম্ভব হয়নি। উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। দ্রুত মৃতদেহগুলি শনাক্ত করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.