কালীপুজোর আগেই শহরে শীতের আমেজ, ঢুকতে শুরু করল উত্তুরে হাওয়া


ODD বাংলা ডেস্ক: 
প্রতিক্ষার অবসান। শহরে হালকা শীতের আমেজ অনুভূত হল শনিবার রাত থেকেই। কালীপুজোর আগেই কলকাতায় শীত শীতভাব। রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়াও। দীপাবলির রাতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ফলে আলমারি থেকে শীতপোষাক আর কম্বল যে ইতিমধ্যেই উঁকি দিতে শুরু করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সন্ধে হতেই বাতাসে ঠান্ডা আমেজ। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ।

জাঁকিয়ে শীত পড়বে কবে থেকে?

আগামী পাঁচদিন রাজ্যের প্রায় সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর। জেলাগুলিতে ভোর বেলা হিমের পরশও মিলতে পারে। তবে শীত শীত ভাব অনুভূত হলেও রাজ্যে এখনই আনুষ্ঠানিকভাবে শীত পড়ছে না। শীতের উপস্থিতিতে এখনও আরও বেশ খানিকটা সময় বাকি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।সেইভাবে আর কোনও নিম্নচাপ না থাকায় রাজ্যে উত্তুরে হাওয়া বাধাহীন ভাবেই প্রবেশ করছে। আর এর জেরেই রাতের পারদ নামছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.