ডার্বিতে মোহনবাগানের দুর্দান্ত জয়, জয়ের হ্যাটট্রিক বাগানের

Odd বাংলা ডেস্ক: ১১ মিনিটের ব্যবধানে ৩ গোল! ২৩ মিনিটে ৩-০! তাও আবার ডার্বিতে! বেলো হরাইজন্তেকে মনে করিয়ে দিল ভাস্কোর তিলক ময়দান। ১৯৭৫ সালের বদলা কি হবে? তাহলে কি আবার পাঁচ গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হবে? অরিন্দম ভট্টাচার্য কি ফিরিয়ে আনবেন ভাস্কর গাঙ্গুলির সেই দুঃস্বপ্নের রাতকে? নিশ্চিতভাবে এই আতঙ্ক ঘিরে ধরেছিল লাল হলুদ সমর্থকদের। কিন্তু শেষপর্যন্ত স্কোরলাইন আটকে থাকল তিন গোলেই। শনিবার গোয়ার তিলক ময়দানে ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে উড়িয়ে দিল এটিকে মোহনবাগান। গোলদাতা রয় কৃষ্ণ, মনবীর সিংহ এবং লিস্টন কোলাসো। আইএসএলে তিনে তিন। ডার্বি জয়ের হ্যাটট্রিক করল হাবাসেল দল। তবে পাঁচ গোল হাতছাড়া করার আফশোস থাকবেই। দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট না হলে এদিন হাফ ডজন গোলে জিততে পারত এটিকে মোহনবাগান।

ম্যাচের শুরুটা খারাপ করেনি ইস্টবেঙ্গল। প্রথম ১০ মিনিট একটা ভাল ম্যাচের আশা জাগিয়েছিল। কিন্তু ১২ মিনিট থেকে গোয়ার স্টেডিয়ামের রং সবুজ মেরুন। ওভারল্যাপে উঠে আসা প্রীতমকে বল বাড়ান মনবীর।

ডানদিক থেকে বাগান অধিনায়কের ক্রসে নিখুঁত প্লেসিং রয় কৃষ্ণর। ডার্বিতে নিজের তৃতীয় গোল তুলে নেন ফিজির স্ট্রাইকার। পরপর তিনটে ডার্বিতে গোল। তার তিন মিনিট আগেই খাতা খুলতে পারতেন রয় কৃষ্ণ। তাঁর শট কোনওরকমে তালুবন্দি করেন অরিন্দম। তবে দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়নি। প্রথম এবং দ্বিতীয় গোলের মধ্যে ব্যবধান মাত্র দু'মিনিটের। ম্যাচের ১৪ মিনিটে জনি কাউকোর থ্রু থেকে ডান পায়ের কোনাকুনি জোরালো শটে ২-০ করেন মনবীর।

ডাহা ব্যর্থ অরিন্দম ভট্টাচার্য। প্রথম থেকেই নড়বড়ে ছিলেন লাল হলুদ অধিনায়ক। এদিন মাঠে যেসব ফুটবলার ছিলেন তারমধ্যে ডার্বি খেলার অভিজ্ঞতা সবচেয়ে বেশি অরিন্দমের। কিন্তু ইস্টবেঙ্গলকে ডোবালেন তিনিই। মোহনবাগানের তৃতীয় গোল তাঁর দেওয়া উপহার। ২৩ মিনিটে লিস্টনকে লক্ষ্য করে পাস বাড়ান বৌমাস। ক্লিয়ার করতে বক্স ছেড়ে বেরিয়ে আসেন অরিন্দম। কিন্তু তালুবন্দি করতে পারেননি। সুযোগ সন্ধানী লিস্টন বল তেকাঠিতে রাখতে ভুল করেননি। ডার্বি অভিষেকেই গোল এটিকের তরুণ স্ট্রাইকারের। রয় কৃষ্ণ, লিস্টন, মনবীরের গতির কাছে পরাস্ত লাল হলুদের রক্ষণভাগ। রাজু গায়কোয়াড়, বিকাশ জাইরুদের খেলানোর আগে দু'বার ভাবতে হবে মানোলোকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.