ক্ষীরসা ও দুধের সর দিয়ে তৈরি করুন শীতের ভাপা পিঠা



 ODD বাংলা ডেস্ক: দেখতে দেখতে শীত চলে আসছে। শীত আসলেই ঘরে ঘরে বাহারি পিঠা তৈরির ধুম পড়ে যায় সবার। বিশেষ করে ভাপা পিঠার স্বাদ নিতে ভুলে না কোনো বাঙালি পরিবার। খেজুরের গুড় আর নারকেল মেশানো ভাপা পিঠা তো সব সময় খেয়ে থাকি। তবে কখনো কি ক্ষীরসা ও দুধের সর দিয়ে তৈরি ভাপা পিঠা খেয়েছেন? না খেয়ে থাকলে আজই তৈরি করে খেয়ে দেখুন। এই পিঠার স্বাদ অন্য সব ভাপা পিঠা থেকে আলাদা। বাচ্চারাও খেয়ে পছন্দ করে এই পিঠাটি। তাছাড়া তৈরি করাও খুব সহজ। চলুন জেনে নেয়া যাক ক্ষীরসা ও দুধের সর দিয়ে তৈরি ভাপা পিঠার রেসিপিটি-

উপকরণ: চালের শুকনো গুঁড়া দুই কাপ, লবণ আধা চা চামচ, গরুর দুধ আধা লিটার, সবুজ এলাচ তিনটি, দুধের সর এক কাপ, নারকেল কোড়ানো আধা কাপ, কিসমিস পরিমাণ মতো, কাজুবাদাম কুচি পরিমাণ মতো, খেজুরের গুড় পরিমাণ মতো।


প্রণালী: একটি পাত্রে চালের গুঁড়া নিয়ে তার মধ্যে লবণ মিশিয়ে দিন। তারপর ঘন করে জ্বাল দিয়ে নেয়া ২/৩ কাপ গরুর দুধ মিশিয়ে নিন চালের গুঁড়ার সঙ্গে। এবার মিশ্রণটি ঢেকে রাখুন চার থেকে পাঁচ ঘণ্টা। অন্যদিকে একটি প্যানে আধা কাপ দুধ গরম করতে হবে। সঙ্গে মিশিয়ে দিন তিনটি এলাচ। এবার দুধ অনবরত নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত অর্ধেক হয়ে যাচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রাখুন। এবার এক টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে দুই টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণ ঢেলে দিন ঘন দুধের মধ্যে। আবারো ভালো করে নাড়তে থাকুন। একেবারে ঘন হলেই তৈরি ক্ষীরসা।


চার থেকে পাঁচ ঘণ্টা পর চালের গুঁড়ার মিশ্রণ ছেঁকে নিন একটি স্টিলের ছাঁকনির সাহায্যে। হাত দিয়ে আস্তে আস্তে ছেঁকে নিন গুঁড়া। এর মধ্যে এবার মিশিয়ে নিতে হবে ব্লেন্ড করে নেয়া দুধের সর। এবার ভাপা পিঠার ছাঁচে কিংবা ছোট বাটিতে কিছুটা চালের গুঁড়া নিয়ে নিন। এবার তার উপরে সামান্য ক্ষীরসা দিয়ে সামান্য চালের গুড়া দিয়ে ঢেকে দিন। তার উপরে খেজুরের গুড় ও নারকেল দিয়ে আবারও চালের গুঁড়া ছড়িয়ে দিন। এবার দুধের সর মিশিয়ে সবশেষে চালের গুঁড়া দিয়ে ঢেকে তার উপরে কিসমিস ও বাদাম কুচি ছড়িয়ে দিন। এবার একটি পাতলা সুতি বা নেটের কাপড়ে পিঠার ছাঁচ মুড়িয়ে নিন।


অন্যদিকে একটি প্রেসার কুকারে জল ভরে চুলায় বসিয়ে দিন। প্রেসার কুকারের শিষ ওঠার অংশে একটি ফানেল বসিয়ে দিন। তার মধ্যে কাপড়ে মোড়ানো পিঠা বসিয়ে ছাঁচ তুলে নিন। পিঠার রং পাল্টে গেলেই তুলে ফেলুন। এভাবেই একেকটি পিঠা তৈরি করে নিন। ক্ষীরসা ও দুধের সরে তৈরি ভাপা পিঠা একবার খেলেই এর স্বাদ মুখে লেগে থাকবে সব সময়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.