ভারতের এই গ্রামে সবাই কালা! নেপথ্যে কাহিনি কী?
ODD বাংলা ডেস্ক: বছর কুড়ি বয়স হলেই লোপ পায় শ্রবণশক্তি! মধ্যপ্রদেশের এক গ্রামে এমন আজব রোগের খবর পেয়ে চমকে গিয়েছিলেন সরকারি আমলারা৷ এমন আবার হয় নাকি? রহস্য উদ্ধার করতে রীতিমতো তদন্তে নামানো হয়েছিল গোয়েন্দাদের৷ গ্রামে পৌঁছে লোকজনের সঙ্গে কথা বলে, খাবার-জল-হাওয়া সব কিছু পরীক্ষা করে যে রিপোর্ট তাঁরা দিয়েছেন তাতে মাথায় হাত পড়েছে প্রশাসনের৷ তদন্তকারীদের বক্তব্য, জল-হাওয়া-খাবার কিছুতেই কোনও সমস্যা নেই৷ বাতাসেও হয়নি কোনও রাসায়নিক বিক্রিয়া৷ এই ঘটনা নেহাতই সহজে সরকারি চাকরি পাওয়ার একটা প্রক্রিয়া মাত্র৷
ব্যাপারটা কীরকম? বিভিন্ন সরকারি নথিপত্র ঘেঁটে হঠাৎই বিষয়টি আবিষ্কার করে মধ্যপ্রদেশের স্বাস্থ্য দফতর৷ তাঁরা দেখতে পান, মধ্যপ্রদেশের মন্দল নামের একটি গ্রামে জনসংখ্যার একটি বড় অংশ কানে কম শোনে৷ আর এই সব কানে কম শোনা গ্রামবাসীরা কালা হয়েছেন ঠিক ২০ পেরনোর পরই৷ এরপরই বিষয়টি খতিয়ে দেখতে পাঠানো হয় তদন্তকারীদের৷
তাঁরা জানান, তরুণরা চাকরিযোগ্য হওয়ার সঙ্গে সঙ্গেই কানে না শোনার ভান করে দ্বারস্থ হচ্ছেন স্বাস্থ্য দফতরের৷ তৈরি করাচ্ছেন কানে না শোনার নকল সার্টিফিকেট৷ আর তার সাহায্যেই গ্রামের পঞ্চায়েতে কিংবা রাজ্য সরকারের দফতরে প্রতিবন্ধী কোটায় জুটিয়ে নিচ্ছেন সরকারি চাকরি৷ বিষয়টি বেআইনি তো বটেই। বছর কয়েক এমনই ঘটনা ঘটেছিল সে রাজ্যে।





Post a Comment